আগরতলা,
২৮ নভেম্বর
(হি.স.)
: ইডিভি
(ইলেকশন ডিউটি ভোট)
যুক্ত হওয়ায় রাজ্যের পুর ও নগর সংস্থার নির্বাচনে প্রদত্ত ভোটের হার বেড়ে দাঁড়াল ৮১.৪৬ শতাংশ। ভোটগ্রহণ পর্ব সম্পন্ন হওয়ার পর এবার সবার নজর আগামী ২ ডিসেম্বরের ভোট গণনার দিকে। ওইদিন রাজ্যের ১৬টি পুর ও নগর সংস্থার মোট ১৮টি স্ট্রং রুমে সকাল ৮টা থেকে একযোগে শুরু হবে ভোট গণনা। গণনা প্রক্রিয়া সুষ্ঠু,
স্বচ্ছ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন।
ভোট গণনার প্রস্তুতি খতিয়ে দেখতে শনিবার রাজ্যের ১৬টি পুর ও নগর সংস্থার রিটার্নিং অফিসারদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গুরুত্বপূর্ণ বৈঠক করে রাজ্য নির্বাচন কমিশন। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য নির্বাচন কমিশনার ডঃ পিকে চক্রবর্তী,
নির্বাচন সচিব অনুরাগ সেন-সহ কমিশনের অন্যান্য আধিকারিকরা। ভোট গণনার ক্ষেত্রে কী কী নিয়ম ও বিধি অনুসরণ করতে হবে,
সেই বিষয়ে রিটার্নিং অফিসারদের বিস্তারিত নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি সংশ্লিষ্ট পুর ও নগর সংস্থাগুলিতে গণনার পরিকাঠামো,
নিরাপত্তা ব্যবস্থা এবং প্রস্তুতির অগ্রগতি নিয়েও আলোচনা হয়।
শনিবার সাংবাদিক সম্মেলনে রাজ্য নির্বাচন কমিশনার ডঃ পিকে চক্রবর্তী জানান,
আগামী ২ ডিসেম্বর সকাল ৮টা থেকে ভোট গণনা শুরু হবে। গণনার কাজে যাতে কোনও ধরনের সমস্যা বা বিশৃঙ্খলা সৃষ্টি না হয়,
তার জন্য রিটার্নিং অফিসারদের নির্দিষ্ট নিয়ম মেনে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যে তাঁরা নিজেদের এলাকায় ভোট গণনার জন্য কী ধরনের ব্যবস্থা গ্রহণ করেছেন,
তা-ও বৈঠকে বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয়েছে। গোটা প্রক্রিয়াকে সুষ্ঠু ও মসৃণভাবে সম্পন্ন করাই এই প্রস্তুতি বৈঠকের মূল উদ্দেশ্য বলে জানান তিনি।
রাজ্য নির্বাচন কমিশনার জানান,
রাজ্যের মোট ২১টি পুর ও নগর সংস্থার মধ্যে ১৬টিতে এবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সংশ্লিষ্ট ১৬টি সংস্থার মোট ২৬৮টি ওয়ার্ডে ভোটগ্রহণের জন্য ৭০৪টি ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছিল। এবারের নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দলের মোট ৭৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। মোট ভোটার ছিলেন ৫ লক্ষ ৬৫ হাজার ৫১৩ জন। এর মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ৪ লক্ষ ৫৬ হাজার ৭২৩ জন ভোটার।
এর পাশাপাশি নির্বাচনী কাজে নিযুক্ত ভোটকর্মীদের ইডিভি-র মাধ্যমে প্রদত্ত ভোটের সংখ্যা ৩ হাজার ৯২৯। সাধারণ ভোটারদের প্রদত্ত ভোট এবং ইডিভি মিলিয়ে মোট ভোটের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লক্ষ ৬০ হাজার ৬৫২। সেই অনুযায়ী চূড়ান্ত প্রদত্ত ভোটের হার ৮১.৪৬ শতাংশ। উল্লেখ্য,
২০২১ সালের নগর নির্বাচনে ভোটদানের যে হার ছিল,
এবারের হার তার তুলনায় সামান্য কম বলে জানান রাজ্য নির্বাচন কমিশনার। তবে ইডিভি-এর ভোট যুক্ত হওয়ার ফলে প্রাথমিকভাবে প্রকাশিত ভোটদানের হারের তুলনায় চূড়ান্ত হার কিছুটা বৃদ্ধি পেয়েছে।
এদিকে,
পুর ও নগর নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে একাধিক অভিযোগ জমা পড়েছে বলেও সাংবাদিক সম্মেলনে স্বীকার করেন রাজ্য নির্বাচন কমিশনার। তাঁর বক্তব্য অনুযায়ী,
রিটার্নিং অফিসার,
সেক্টর অফিসার,
অবজারভার এবং সংশ্লিষ্ট জেলাশাসকদের কাছে অভিযোগ জানানো হয়েছে। এমনকি নির্বাচন কমিশনের সচিবালয়েও বিভিন্ন অভিযোগ জমা পড়েছে। সমস্ত অভিযোগ গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।
বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে কয়েকটি কেন্দ্রে পুনর্নির্বাচন বা পুনরায় ভোটগ্রহণের যে দাবি জানানো হয়েছে,
সেই প্রসঙ্গেও নিজের অবস্থান স্পষ্ট করেন ডঃ চক্রবর্তী। তিনি জানান,
পুনর্নির্বাচনের দাবি উঠলেই তাৎক্ষণিকভাবে কোনও সিদ্ধান্ত নেওয়া হবে না। প্রতিটি অভিযোগ ও দাবির যথার্থতা এবং তার পক্ষে থাকা তথ্য-প্রমাণ খতিয়ে দেখা হচ্ছে। পর্যালোচনার পর প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
সব মিলিয়ে,
ভোটগ্রহণ পর্ব শেষ হওয়ার পর এখন রাজ্যের রাজনৈতিক মহলের নজর ২ ডিসেম্বরের গণনার দিকে। ১৬টি পুর ও নগর সংস্থার ২৬৮টি ওয়ার্ডের নির্বাচনী ফলাফল ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক দলগুলির মধ্যে শুরু হয়েছে হিসেব-নিকেশ। ৭৩৩ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে গণনার মধ্য দিয়ে। এখন দেখার,
ভোটের মাঠে যে রাজনৈতিক লড়াই হয়েছে,
গণনার দিন তার চূড়ান্ত প্রতিফলন কোন শিবিরের পক্ষে যায়।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান