Saturday, November 28, 2026
বাড়ি জাতীয় ৩০ নভেম্বর লোকসভায় তিনটি গুরুত্বপূর্ণ বিল পেশের প্রস্তাব, তালিকায় মহিলা সংরক্ষণ ও আসন পুনর্বিন্যাস

৩০ নভেম্বর লোকসভায় তিনটি গুরুত্বপূর্ণ বিল পেশের প্রস্তাব, তালিকায় মহিলা সংরক্ষণ ও আসন পুনর্বিন্যাস

৩০ নভেম্বর লোকসভায় তিনটি গুরুত্বপূর্ণ বিল পেশের প্রস্তাব, তালিকায় মহিলা সংরক্ষণ ও আসন পুনর্বিন্যাস



নয়াদিল্লি, ২৮ নভেম্বর (হি.স.): সংসদের বিশেষ অধিবেশনের প্রথম দিন, আগামী ৩০ নভেম্বর লোকসভায় তিনটি গুরুত্বপূর্ণ বিল পেশের প্রস্তাব রাখা হয়েছে। লোকসভার প্রকাশিত কার্যসূচি অনুযায়ী, সংবিধানের ১৩২তম সংশোধনী বিল, ২০২৬ পেশ করবেন কেন্দ্রীয় আইন ও বিচার প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। একই দিনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পেশ করবেন কেন্দ্রশাসিত অঞ্চল সংক্রান্ত আইন সংশোধনী বিল। পাশাপাশি মহিলা সংরক্ষণ কার্যকর করা এবং লোকসভা ও বিধানসভাগুলিতে আসন পুনর্বিন্যাসের লক্ষ্যে ‘আসন পুনর্বিন্যাস (দ্বিতীয়) বিল, ২০২৬’ পেশ করার প্রস্তাবও রয়েছে।

কার্যসূচিতে বলা হয়েছে, সংবিধানের ১৩২তম সংশোধনী বিলটি পেশ করবেন অর্জুন রাম মেঘওয়াল। অন্যদিকে, ‘দ্য ইউনিয়ন টেরিটরিজ লজ (অ্যামেন্ডমেন্ট) সেকেন্ড বিল, ২০২৬’ পেশ করবেন অমিত শাহ। এই বিলের মাধ্যমে কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সংশ্লিষ্ট আইন সংশোধনের প্রস্তাব রয়েছে।

তালিকায় আরও রয়েছে ‘দ্য ডিলিমিটেশন (সেকেন্ড) বিল, ২০২৬’। এই বিলটিও পেশ করার কথা অর্জুন রাম মেঘওয়ালের। লোকসভা ও রাজ্য বিধানসভাগুলিতে মহিলাদের জন্য সংরক্ষণের ব্যবস্থা কার্যকর করার পাশাপাশি কেন্দ্রশাসিত অঞ্চলগুলির বিধানসভায়ও তার প্রয়োগ এবং আসন বণ্টনের পুনর্বিন্যাস ও নির্বাচনী কেন্দ্রগুলির সীমানা পুনর্নির্ধারণের বিষয়টি এই বিলের অন্তর্ভুক্ত। তবে কার্যসূচিতে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে, তালিকার ১১ নম্বরে থাকা বিলটি প্রত্যাহার করা হলে তবেই এই দ্বিতীয় আসন পুনর্বিন্যাস বিলটি পেশ করা হবে।

উল্লেখ্য, আসন পুনর্বিন্যাস ও মহিলা সংরক্ষণ সংক্রান্ত প্রস্তাব ঘিরে সংসদের বিশেষ অধিবেশনকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে। লোকসভার কার্যসূচিতে তিনটি বিল পেশের প্রস্তাব থাকলেও, সেগুলি পেশ ও পরবর্তী সংসদীয় প্রক্রিয়ার জন্য অধিবেশনের দিকে নজর থাকবে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha