স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২২ নভেম্বর :আসন্ন আগরতলা
পুর নিগম নির্বাচনে ৯-বনমালীপুর বিধানসভা কেন্দ্রের অধীন বিজেপি প্রার্থীদের সমর্থনে
শনিবার এক বাইক র্যালির আয়োজন করা হয়। চন্দ্রপুর আন্তঃরাজ্য বাস টার্মিনাল (আইএসবিটি)
থেকে র্যালিটি শুরু হয়। এতে অংশগ্রহণ করেন রাজ্যসভার সাংসদ তথা বিজেপির প্রদেশ সভাপতি
রাজীব ভট্টাচার্য। যুব মোর্চা, মহিলা মোর্চা, এসটি মোর্চা এবং এসসি মোর্চা-সহ দলের
বিভিন্ন শাখার কর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।
২৭ নভেম্বরের পুর নির্বাচনকে সামনে রেখে যুব ভোটারদের সংগঠিত
করা এবং দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার লক্ষ্যে ৯-বনমালীপুর বিধানসভা
কেন্দ্রের যুব মোর্চার উদ্যোগে এই র্যালির আয়োজন করা হয়।
র্যালিতে বক্তব্য রাখতে গিয়ে রাজীব ভট্টাচার্য বলেন, দলের
বিভিন্ন সাংগঠনিক শাখার কর্মীদের অংশগ্রহণ বিজেপির রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নের
পাশাপাশি সমাজের মধ্যে ঐক্য ও সংহতি প্রতিষ্ঠার প্রতিশ্রুতির প্রতিফলন। যুবসমাজকে অনুপ্রাণিত
করা এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাঁদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ক্ষেত্রে এই
র্যালি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও তিনি উল্লেখ করেন।
নির্বাচনে দলের জয়ের বিষয়ে আত্মবিশ্বাস প্রকাশ করে রাজ্যসভার
সাংসদ দাবি করেন, আগরতলা পুর নিগমের ৫১টি ওয়ার্ডেই বিজেপি জয়লাভ করবে।
তাঁর দাবি, পূর্ববর্তী কংগ্রেস ও সিপিআই(এম) সরকারের আমলে
ত্রিপুরায় যে ভয় ও অরাজকতার পরিবেশ ছিল, তা থেকে মুক্তি পেতেই রাজ্যের মানুষ বিজেপিকে
বেছে নিয়েছেন।
বিরোধী দলগুলিকে কটাক্ষ করে রাজীব ভট্টাচার্য অভিযোগ করেন,
কংগ্রেস ও সিপিআই(এম) বারবার রাজনৈতিক জোট গঠন ও ভাঙার মধ্য দিয়ে নিজেদের আদর্শগত
দিশা হারিয়েছে এবং নীতিগত অবস্থান থেকে সরে এসেছে।
তিনি বলেন, আসন্ন পুর নির্বাচনে ভোটের মাধ্যমে এই দলগুলিকে
উপযুক্ত জবাব দেবেন রাজ্যের ভোটাররা।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান