Wednesday, October 7, 2026
বাড়ি রাজ্য কমিউনিস্টদের মানুষ কোন সময় পছন্দ করতো না : মুখ্যমন্ত্রী

কমিউনিস্টদের মানুষ কোন সময় পছন্দ করতো না : মুখ্যমন্ত্রী

কমিউনিস্টদের মানুষ কোন সময় পছন্দ করতো না : মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৬ অক্টোবর : দুর্গা পূজা উপলক্ষ্যে মঙ্গলবার ৮ নং টাউন বড়দোওয়ালী মন্ডল মহিলা মোর্চার উদ্যোগে এলাকার মহিলাদের মধ্যে বস্ত্রদান এবং পদাধিকারিদের সম্মাননা জ্ঞাপন করা হয়। রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। তিনি অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে বলেন ত্রিপুরা রাজ্যের বেশিরভাগ মানুষ কমিউনিস্টদের মনে প্রাণে চায় না। কিন্তু মানুষের কাছে সেই সময় বিকল্প কোন সুযোগ ছিল না।

 কংগ্রেস একটা সময় কমিউনিস্টদের বিরুদ্ধে আন্দোলন করেছিল। বর্তমানে তারা কমিউনিস্টদের সাথে হাত মিলিয়েছে। যারা কংগ্রেস কর্মীদের খুন করেছে তাদের রক্ত মাখা হাতের সাথে বর্তমানে কংগ্রেস হাত মিলিয়েছে। কমিউনিস্টদের মানুষ কোন সময় পছন্দ করতো না। কমিউনিস্টরা বর্তমানে আশায় রয়েছে কবে বিজেপি দলের মধ্যে ঝামেলা শুরু হবে। আর কবে তারা ক্ষমতায় বসবে। ড্রাগসের বিরুদ্ধে আপোষহীন নীতি নিয়ে কাজ করছে বর্তমান রাজ্য সরকার। কমিউনিস্টরা মানুষকে নেশার মধ্যে ডুবিয়ে রাখত।

কারণ মানুষ নেশা করে থাকলে কোন কিছু বুঝবে না। মহিলাদের আত্মনির্ভর করার লক্ষ্যে বর্তমান রাজ্য সরকার কাজ করে যাচ্ছে। রাজ্যের ৮ জেলায় সম্পূর্ণ মহিলা দ্বারা পরিচালিত ৯ টি মহিলা থানা রয়েছে। যাতে মহিলাদের কোন সমস্যা হলে মহিলা থানায় গিয়ে সবকিছু জানাতে পারে। পিঙ্ক টয়লেট করা হচ্ছে মহিলা ও শিশুদের জন্য। বাল্য বিবাহ বন্ধ করার জন্য মুখ্য মন্ত্রী কন্যা বিবাহ যোজনা শুরু করা হয়েছে। ২০২৫-২৬ অর্থ বছরে এখনো পর্যন্ত ৪৫ জন এই প্রকল্পের সুবিধা পেয়েছে। মুখ্যমন্ত্রী বালিকা সমৃদ্ধি যোজনা নামে আরও একটি প্রকল্প চালু করা হয়েছে। এই প্রকল্পে অন্তোদয় পরিবারে কন্যা সন্তান জন্ম হলে ৫০ হাজার টাকা ফিক্সড ডিপোজিট করে দেওয়া হয় বলে জানান মুখ্যমন্ত্রী। ত্রিপুরা রাজ্যে নারী ক্ষমতায়নের লক্ষ্যে রাজ্য সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি। অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী বস্ত্র উপহার তুলে দেন।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha