Wednesday, October 7, 2026
বাড়ি রাজ্য অসাধু ব্যবসায়ীদের পঞ্চাশ হাজার টাকা করে জরিমানা করলো প্রশাসন

অসাধু ব্যবসায়ীদের পঞ্চাশ হাজার টাকা করে জরিমানা করলো প্রশাসন

অসাধু ব্যবসায়ীদের পঞ্চাশ হাজার টাকা করে জরিমানা করলো প্রশাসন

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৭ অক্টোবর :বুধবার স্বাস্থ্য দপ্তর ও লিগ্যাল মেট্রোলজি বিভাগের আধিকারিকরা একযোগে উদয়পুর শহরের বিভিন্ন মিষ্টির দোকান ও হোটেলে অভিযান চালায়। জেলা স্বাস্থ্য আধিকারিক ডাক্তার শুভেন্দু দেববর্মার নেতৃত্বে পরিচালিত এই অভিযানে উদয়পুর শহরের সেন্ট্রাল রোড, ব্রহ্মাবাড়ি-সহ বিভিন্ন এলাকায় একাধিক মিষ্টির দোকান ও হোটেল চালানো হয়। অভিযানের সময় প্রশাসনের আধিকারিকরা প্রতিষ্ঠানের রান্নাঘর, খাদ্য তৈরির স্থান, খাদ্য সংরক্ষণের ব্যবস্থা, ফ্রিজ এবং ব্যবহৃত কাঁচামাল সরেজমিনে পরীক্ষা করেন। পাশাপাশি খাবার সংরক্ষণ ও পরিবেশনের ক্ষেত্রে নির্ধারিত স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা, সেদিকেও নজর দেওয়া হয়। প্রশাসন সূত্রে জানা যায়, এদিন সেন্ট্রাল রোড এলাকার একটি মিষ্টির দোকান এবং একটি হোটেল-সহ বিভিন্ন প্রতিষ্ঠানে তল্লাশি চালানো হয়। অভিযানের সময় কয়েকটি প্রতিষ্ঠানে খাদ্য সুরক্ষা বিধি লঙ্ঘনের অভিযোগ সামনে আসে।

বিশেষ করে কিছু মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী তৈরি ও সংরক্ষণ করা হচ্ছিল বলে প্রাথমিক পরিদর্শনে আধিকারিকদের নজরে আসে। অভিযানের সময় কয়েকটি প্রতিষ্ঠানের ফ্রিজ থেকে অস্বাস্থ্যকর অবস্থায় রাখা মিষ্টি, ছানা, দই-সহ বিভিন্ন খাদ্যসামগ্রী উদ্ধার করে বাজেয়াপ্ত করা হয়। এছাড়াও মিষ্টি তৈরির স্থান ও রান্নাঘরে অপরিচ্ছন্নতা, দীর্ঘদিন ধরে মজুত থাকা পুরনো খাদ্যসামগ্রী এবং খাদ্য সংরক্ষণের ক্ষেত্রে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি না মানার বিষয়টি আধিকারিকদের নজরে আসে। অভিযান চলাকালীন কয়েকটি প্রতিষ্ঠানে নিম্নমানের বা ক্ষতিকারক মশলা ব্যবহারের অভিযোগও উঠে আসে। খাদ্যসামগ্রীর গুণগত মান নিয়ে কোনও ধরনের গাফিলতি যাতে না হয়, সে বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করেন প্রশাসনের আধিকারিকরা।

 খাদ্য ব্যবসার ক্ষেত্রে সরকারি নির্দেশিকা ও খাদ্য সুরক্ষা বিধি মেনে চলা বাধ্যতামূলক বলেও স্পষ্ট করে জানানো হয়। অভিযান প্রসঙ্গে জেলা স্বাস্থ্য আধিকারিক ডাক্তার শুভেন্দু দেববর্মা জানান, মানুষের স্বাস্থ্য ও জীবন প্রশাসনের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার। তাই খাদ্য ব্যবসায়ীদের অবশ্যই নির্ধারিত নিয়ম মেনে ব্যবসা পরিচালনা করতে হবে। যারা নিয়ম মেনে ব্যবসা করবেন, প্রশাসন সবসময় তাঁদের পাশে থাকবে। তবে খাদ্য সুরক্ষা বিধি লঙ্ঘনের ঘটনা কোনওভাবেই বরদাস্ত করা হবে না। তিনি আরও জানান, অভিযানে অনিয়ম ধরা পড়া মিষ্টির দোকান ও হোটেল ব্যবসায়ীদের বিরুদ্ধে ইতিমধ্যে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আগামী দিনেও উদয়পুর মহকুমার বিভিন্ন এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। খাদ্য সুরক্ষা বিধি লঙ্ঘন করে ব্যবসা পরিচালনা করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও তিনি স্পষ্ট বার্তা দেন।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha