স্যন্দন ডিজিটাল
ডেস্ক, আগরতলা, ১৫ সেপ্টেম্বর : চুরি ও ড্রাগস
কারবারির অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল তেলিয়ামুড়া থানাধীন পশ্চিম হাওয়াইবাড়ি
কুকি কলোনি এলাকা। দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন জিনিসপত্র চুরি এবং ড্রাগস বিক্রির
অভিযোগ উঠছিল বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। অবশেষে অভিযোগের বিরুদ্ধে ক্ষোভে ফেটে
পড়ে এলাকাবাসী। জানা যায়, মঙ্গলবার সাতসকালে এলাকাবাসীরা ড্রাগস কারবারের সঙ্গে জড়িত
থাকার অভিযোগে দুই যুবককে আটক করেন।
এরপর তাদের জিজ্ঞাসাবাদে স্থানীয় যুবক কালু এবং
তার ভাইয়ের নাম উঠে আসে বলে দাবি এলাকাবাসীদের। পরবর্তীতে কালু ও তার ভাইকেও আটক করেন
উত্তেজিত স্থানীয়রা। এইভাবে মোট চার যুবককে আটক করে এলাকাবাসীরা। শুধু তাই নয়, আটক
যুবকদের কাছ থেকে ড্রাগসের কৌটা উদ্ধার করা হয়েছে বলেও জানা গেছে। ঘটনাকে কেন্দ্র
করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। উত্তেজিত এলাকাবাসীর হাতে আটক যুবকদের উত্তম
মধ্যম দিয়ে বেঁধে রাখে সুপারি গাছে। ঘটনার খবর পেয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ ঘটনাস্থলে
পৌঁছে আটক চার যুবককে নিজেদের হেফাজতে নেয়। উদ্ধার হওয়া ড্রাগসের কৌটা এবং গোটা ঘটনার
বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকাবাসী আরো অভিযোগ কিছুদিন পর পর গাড়ি নিয়ে এসে
তারা ছাগল চুরি করে।
স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে এলাকায় চুরি ও নেশা
সংক্রান্ত কার্যকলাপ নিয়ে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছিল। ফলে এদিনের ঘটনায় এলাকাবাসীর
ক্ষোভ প্রকাশ্যে আসে। তবে আটক চার যুবকের বিরুদ্ধে উঠা অভিযোগের সত্যতা, উদ্ধার হওয়া
সামগ্রী এবং এই কথিত ড্রাগস কারবারের সঙ্গে তাদের প্রকৃত যোগসূত্র কী—তা তদন্তের পরই স্পষ্ট হবে। এখন পুলিশের
তদন্তের দিকেই তাকিয়ে পশ্চিম হাওয়াইবাড়ি কুকি কলোনির বাসিন্দারা।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান