Sunday, September 20, 2026
বাড়ি রাজ্য দিন দুপুরে ক্লাবের নাম করে বাড়ি জবর দখল রাজধানীর বুকে

দিন দুপুরে ক্লাবের নাম করে বাড়ি জবর দখল রাজধানীর বুকে

দিন দুপুরে ক্লাবের নাম করে বাড়ি জবর দখল রাজধানীর বুকে

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৩ সেপ্টেম্বর :  হীরা ত্রিপুরায় ক্লাব সংস্কৃতির পরিবর্তন হয়েছে বলে সরকার বুক ঠুকে দাবি করলেও জনগণ চাক্ষুষ করছে সুশাসনের নমুনা। দিন দুপুরে বাড়িতে প্রবেশ করে ক্লাবের নাম করে জমি জবর দখল করার অভিযোগ আগরতলা শহরের জনবহুল তাবড় নেতার এলাকায়। পুলিশ প্রশাসনের কাছে অভিযোগ জানানোর পরেও কাঠ পুতুলের ভূমিকায় আছেন তারা! জানা যায়, রাজধানীর দুর্গা চৌমুহনি বাজার সংলগ্ন রামঠাকুর লেন এলাকার বাসিন্দা বিশ্বজিৎ সরকার। অভিযোগ, প্রায় ২৪-২৫ দিন আগে এলাকার চম্বল দাস, নারায়ণ পাল এবং ভবতোষ সরকার সহ তাদের সাঙ্গোপাঙ্গরা বিশ্বজিৎ সরকারের বাড়িতে যায়।

বাড়ির একটা বড় অংশ দখল করার জন্য তিনটি পিলার বসাতে চায়। তখন বাধা দেন বিশ্বজিৎ সরকার এবং তার সহধর্মিনী। পরবর্তী সময়ে বিষয়টি পশ্চিম ত্রিপুরা জেলা শাসক এবং সদর মহকুমা শাসকের কাছে লিখিত ভাবে জানানো হয়, বিশ্বজিৎ সরকার দীর্ঘ ৪৫ বছর ধরে এই জমিতে বসবাস করে আসছেন। কখনো কেউ অভিযোগ না তুললেও এলাকার তিন ব্যক্তি আচমকাই গত কয়েকদিন ধরে ক্লাব নির্মাণ করবে বলে জমিতে দখল করার জন্য চেষ্টা করছেন। তারা দাবি করছেন বিশ্বজিৎ সরকারের বাড়িটি জোত এবং খাস জমিতে মিশ্রিত। তাই জেলা শাসক এবং সদর মহকুমা শাসকের চিঠি বলা হয়েছে যদি জমিটি বেআইনি হয়ে থাকে তাহলে আইনিভাবে গ্রহণ করার জন্য। কিন্তু বাড়িতে প্রবেশ করে ক্লাবের নাম করে এভাবে দখল করতে আসা অভিযুক্তদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয়।

কিন্তু পরিতাপের বিষয় গত ২২ দিনে কোন ব্যবস্থা নেওয়া হয়নি। এর মধ্যে প্রতিদিন অসামাজিক কার্যকলাপ সংঘটিত করে চলেছে এই দুর্বৃত্তরা। শনিবার রামনগর ফাঁড়িতে গিয়ে বিষয়টি পুনরায় পুলিশকে জানানো হয়। তারপরই রবিবার দিন দুপুরে বাড়িতে প্রবেশ করে ভাঙচুর চালায় তিন জমি মাফিয়ায় নেতৃত্বে দুর্বৃত্তরা। এমনকি বাড়ির বিভিন্ন জিনিসপত্র লুটপাট করে নিয়ে যায়। বিভিন্ন গাছের চারা পর্যন্ত নষ্ট করে এই দুর্বৃত্তরা। অসহায় পরিবারের দাবি তারা নিরাপত্তা হীনতায় ভুগছে। অভিযুক্ত তিনজনের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করছে না প্রশাসন। সুশাসন জামানায় এমন ঘটনা রাজ্যে মাথা চাড়া দিয়ে উঠেছে। ক্লাব সংস্কৃতি পরিবর্তন হয়েছে বলে সরকার দাবি করলেও বর্তমান পরিস্থিতি অন্য কথা বলছে। এই হল সুশাসন জামানায় সাবকা সাথ, সবকা বিকাশের নমুনা! এমনটাই গুঞ্জন উঠেছে গোটা এলাকায়।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha