স্যন্দন
ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৯ সেপ্টেম্বর : ডলুবাড়ী
বাজারে ফের চোরের থাবা। মঙ্গলবার গভীর রাতে বাজারের জয়শ্রী হোটেলে হানা দেয় চোরের
দল। হোটেলের পেছনের দরজা দিয়ে ভিতরে প্রবেশ করে চোরেরা হোটেলের বিভিন্ন জিনিসপত্র
তছনছ করার পাশাপাশি বেশ কিছু সামগ্রী নিয়ে পালিয়ে যায়। জানা যায়, চোরেরা হোটেলের
ক্যাশ বাক্সও ভেঙে ফেলে। এরপর ক্যাশ বাক্সের ভিতরে থাকা নগদ প্রায় ১,৮০০ টাকা নিয়ে
চম্পট দেয়।
চুরির ঘটনায় হোটেল জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে
বলে জানা গেছে। বৃহস্পতিবার সকালে হোটেলের মালিক হোটেলে এসে দরজা খুলতেই চুরির বিষয়টি
নজরে আসে। তিনি দেখতে পান, হোটেলের সমস্ত জিনিসপত্র লন্ডভন্ড অবস্থায় পড়ে রয়েছে
এবং ক্যাশ বাক্সটি ভাঙা। পাশাপাশি হোটেলের বেশ কিছু সামগ্রীও নিয়ে গেছে। ঘটনার পর
বিষয়টি সঙ্গে সঙ্গে আমবাসা থানায় জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক
তদন্ত শুরু করে। চুরির ঘটনায় কারা জড়িত এবং কীভাবে তারা হোটেলে প্রবেশ করেছিল, তা
খতিয়ে দেখছে পুলিশ। ডলুবাড়ী বাজারের ব্যস্ত এলাকায় এমন চুরির ঘটনায় ব্যবসায়ীদের
মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। দ্রুত চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের দাবি
জানিয়েছেন স্থানীয়রা।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান