স্যন্দন
ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৮ সেপ্টেম্বর : মঙ্গলবার গোমতী জেলার উদয়পুর মহকুমায় বিশেষ
যৌথ অভিযান চালাল প্রশাসন। খাদ্য সুরক্ষা বিধি মেনে ব্যবসা পরিচালনা করা হচ্ছে কিনা
তা খতিয়ে দেখতে স্বাস্থ্য দপ্তর, খাদ্য দপ্তর এবং লিগ্যাল মেট্রোলজি বিভাগের আধিকারিকরা
যৌথ ভাবে উদয়পুর শহরের বিভিন্ন মিষ্টির দোকান ও হোটেলে অভিযান চালান। জেলা স্বাস্থ্য
আধিকারিক ডাক্তার শুভেন্দু দেববর্মার নেতৃত্বে এই অভিযান চালানো হয় উদয়পুরের গকুলপুর,
রাজারবাগ সহ বিভিন্ন এলাকায় থাকা একাধিক মিষ্টির দোকান ও হোটেলে।
অভিযানকালে
গকুলপুর এলাকার তিনটি মিষ্টির দোকান এবং রাজারবাগ মোটরস্ট্যান্ড সংলগ্ন এলাকার একটি
মিষ্টির দোকান ও একটি হোটেলে তল্লাশি চালানো হয়। এইদিন বেশ কয়েকটি প্রতিষ্ঠানে খাদ্য
সুরক্ষা বিধি অমান্য করার চিত্র সরজমিনে প্রত্যক্ষ করেন আধিকারিকরা। আধিকারিকরা জানান,
অধিকাংশ মিষ্টির দোকানে উৎপাদিত খাদ্যসামগ্রীর প্যাকেটে উৎপাদনের তারিখ এবং মেয়াদ
উত্তীর্ণের তারিখ উল্লেখ করা ছিল না। পাশাপাশি দোকানের অভ্যন্তরে অস্বাস্থ্যকর পরিবেশে
খাদ্য সামগ্রী তৈরি ও সংরক্ষণের বিষয়টি সামনে উঠে এসেছে।
এইদিন অভিযানকালে
বিভিন্ন দোকানের ফ্রিজে রাখা অস্বাস্থ্যকর মিষ্টি, ছানা, দই সহ বেশ কিছু খাদ্য সামগ্রী
উদ্ধার করে বাজেয়াপ্ত করা হয়। রাজারবাগ এলাকার একটি হোটেলে বৈধ ফুড লাইসেন্স না থাকায়
সেটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি অবৈধভাবে গ্যাস সিলিন্ডার মজুত রাখার
অভিযোগে কয়েকটি সিলিন্ডার বাজেয়াপ্ত করা হয়েছে। জেলা স্বাস্থ্য আধিকারিক ডাঃ শুভেন্দু
দেববর্মা জানান খাদ্য ব্যবসার ক্ষেত্রে নিয়ম মানা বাধ্যতামূলক। তিনি বলেন, মানুষের
স্বাস্থ্য ও জীবন সবার আগে। নিয়ম মেনে ব্যবসা করলে প্রশাসন সবসময় ব্যবসায়ীদের পাশে
থাকবে। কিন্তু খাদ্য সুরক্ষা বিধি লঙ্ঘন কোনোভাবেই বরদাস্ত করা হবে না।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান