স্যন্দন
ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৮ সেপ্টেম্বর : রাজ্য সরকারের পারফরম্যান্সকে ‘মাইনাস জিরো’ বলে কটাক্ষ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী
মানিক সরকার। বিজেপি সরকার এবং তিপ্রা মথার কার্যকলাপ নিয়ে একের পর এক অভিযোগ তুলে
সরব হন তিনি। মানিক সরকারের অভিযোগ, বড় বড় বক্তৃতা এবং সরকারি অর্থে কোটি কোটি টাকা
খরচ করে বিজ্ঞাপন দেওয়া হলেও সাধারণ মানুষের জীবনের বাস্তব পরিস্থিতির সঙ্গে তার কোনও
মিল নেই। সরকারের প্রচার এবং মানুষের বাস্তব অভিজ্ঞতার মধ্যে বিস্তর ফারাক রয়েছে বলেও
দাবি করেন তিনি।
এডিসি পরিচালনা নিয়েও তিপ্রা মথাকে নিশানা করেন
প্রাক্তন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, তিপ্রা মথা এডিসি পরিচালনার ক্ষেত্রে শুরু থেকেই
চরম ব্যর্থতার পরিচয় দিয়ে আসছে। সাম্প্রতিক নির্বাচনে তিপ্রা মথা ২৪ টি আসনে জয়
পেলেও এখনও তারা নিজেদের কার্যকরী কমিটি পুরোপুরি গঠন করতে পারেনি বলে দাবি করেন মানিক
সরকার। দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব নিয়েও তিপ্রা মথাকে কটাক্ষ করে তিনি বলেন, সময় যত
গড়াবে এই রাজনৈতিক সমীকরণ আরও আলাদা হবে। বিজেপি ও তিপ্রা মথার সাধারণ সমর্থকদের মধ্যেও
অসন্তোষ তৈরি হচ্ছে বলে দাবি করেন তিনি। মানিক সরকারের বক্তব্য, ত্রিপুরার মানুষ সবকিছু
দেখছেন এবং মানুষ এতটা বোকা নয়। রাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থ রক্ষার জন্য বিভিন্ন
দলের নেতাদের মধ্যে সমন্বয়ের যে চেষ্টা চলছে, তারও সমালোচনা করেন তিনি।
এর পাশাপাশি
ত্রিপুরা উপজাতি এলাকার স্বশাসিত জেলা পরিষদের অতীত কর্মকাণ্ডের প্রসঙ্গ তুলে ধরেন
প্রাক্তন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, সীমিত ক্ষমতার মধ্যেও বামফ্রন্ট পরিচালিত এডিসি
মানুষের জন্য কাজ করার নজির রেখেছিল। শিক্ষা, স্বাস্থ্য, রাস্তাঘাট, কৃষি ও কৃষকের
স্বার্থ এবং জনজাতিদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার দাবিতে বর্তমান পরিস্থিতি থেকে
বেরিয়ে আসার জন্য মানুষকে বামপন্থীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান মানিক সরকার। তাঁর
আবেদন, মানুষের মৌলিক সমস্যার সমাধান এবং জনজাতিদের অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে
আসন্ন নির্বাচনে বামপন্থীদের সমর্থনে এগিয়ে আসতে হবে। মুখ্যমন্ত্রী ডা মানিক সাহা
নিজেই বিভ্রান্ত।
মানুষকে বিভ্রান্ত করছেন তিনি। কোথায় কি বলতে হবে
তিনি নিজেই বুঝতে পারছেন না। এটা অপ্রত্যাশিত। কোথায় ত্রিপুরার বামপন্থীরা মানুষকে
বিভ্রান্ত করার চেষ্টা করছে? তিনি বলেন, কিউবার বিপ্লবী নেতা ফিদেল কাস্তোর জন্মবার্ষিকী
উপলক্ষে কর্মসূচি পালন এবং মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে মানুষের মধ্যে সচেতনতা
তৈরির কর্মসূচি নিয়ে প্রশ্ন তোলার সমালোচনা করলেন বামপন্থী নেতা। তাঁর দাবি, কিউবার
পাশে সারা বিশ্বের গণতান্ত্রিক ও সাম্রাজ্যবাদবিরোধী শক্তি দাঁড়িয়েছে। ত্রিপুরাতেও
রাজনৈতিক অবস্থান থেকেই এই কর্মসূচি পালন করা হচ্ছে, এতে ভুলের কিছু নেই। একইসঙ্গে
রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে বিজেপি সরকারকে তীব্র আক্রমণ করেন তিনি। তাঁর অভিযোগ,
কর্মসংস্থানের অভাব, সরকারি চাকরিতে চুক্তিভিত্তিক নিয়োগ, স্কুলে শিক্ষক, হাসপাতালে
চিকিৎসক-নার্স ও স্বাস্থ্যকর্মীর ঘাটতি এবং ওষুধের সংকটের মতো মৌলিক সমস্যাগুলির সমাধান
না করে মানুষকে অন্যদিকে ঘোরানোর চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, ত্রিপুরার মানুষ বোকা
নয়। সরকারের ব্যর্থতা ও কর্মহীনতার জবাব দিতে মানুষ ঘরে ঘরে প্রস্তুতি শুরু করেছে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান