স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৬ সেপ্টেম্বর : উদয়পুরে জগন্নাথ দীঘিতে স্নান করতে নেমে জলে তলিয়ে গেল দশম শ্রেণির ছাত্র। মৃত ছাত্রের নাম দেবজিৎ দে (১৬), বাড়ি পোল্ট্রি রোডে। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জানা যায়, রবিবার দুপুর প্রায় তিনটা নাগাদ দেবজিৎ দে কয়েকজন বন্ধুর সঙ্গে জগন্নাথ দীঘিতে স্নান করতে আসে। স্নানের সময় আচমকাই সে গভীর জলে তলিয়ে যায়।
সঙ্গে থাকা বন্ধুরা বিষয়টি বুঝতে পেরে চিৎকার করলে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন এবং খবর দেওয়া হয় প্রশাসন ও উদ্ধারকারী দলকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় উদয়পুর মহকুমা প্রশাসনের ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম, আপদা মিত্রের সদস্য এবং দমকল দপ্তরের কর্মীরা। দীর্ঘ প্রায় এক ঘণ্টা ধরে তল্লাশি চালানোর পর জলের নিচ থেকে দেবজিতের নিথর দেহ উদ্ধার করা হয়।
উদ্ধারের
পর অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা দ্রুত তাকে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত
বলে ঘোষণা করেন। এদিকে ঘটনার খবর পেয়ে রাধাকিশোরপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। কীভাবে এই দুর্ঘটনা ঘটল,
তা খতিয়ে দেখা হচ্ছে। একমাত্র সন্তানকে হারিয়ে পরিবারের সদস্যদের মধ্যে নেমে এসেছে গভীর শোকের ছায়া। এই ঘটনায় এলাকাবাসীর
মধ্যেও শোক ও উদ্বেগ দেখা
দিয়েছে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান