স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২১ জুলাই :সাধারণ যাত্রীদের গাড়ি চাকার মতো মন্ত্রীর ইনোভা গাড়ির চাকাও জাতীয় সড়কে আটকে গেল। মঙ্গলবার সকাল থেকেই এই ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। জাতীয় সড়কের বেহাল দশা নিয়ে গত কয়েকদিন ধরেই সংবাদ মাধ্যমে খবরের শিরোনাম দখল করছে। ব্যতিক্রমই হয় নি মঙ্গলবার।
মন্ত্রী টিংকু রায় ১০৮ বি আগরতলা – খোয়াই জাতীয় সড়কের সুবল সিং দিয়ে আগরতলায় আসার সময় কাদায় আটকে পড়ে তাঁর সরকারি গাড়ি। সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে দেহরক্ষীরা গাড়ি ধাক্কা দিলেও গাড়ি এগিয়ে নিয়ে যেতে পারেননি। শেষ পর্যন্ত দেহরক্ষীরা গাড়ির সামনে এসে ধাক্কা দিয়ে এবং ব্যাক গিয়ার দিয়ে পেছনদিকে ঠেলে নিয়ে যায় গাড়ি।

একই সঙ্গে শত শত গাড়ি এদিন কাদায় আটকে পড়ে। বহু সাধারণ যাত্রী গাড়িতেই আটকে পড়ে দীর্ঘক্ষণের জন্য। কারণ রাস্তার অবস্থা এতটাই বেহাল ছিল যে দীর্ঘক্ষণ যান চলাচল বন্ধ থাকে এদিন। আরো লক্ষ্য করা যায় তেলের ট্যাঙ্কার পর্যন্ত আটকে পড়ে জাতীয় সড়কের কাদা মাটিতে। এই সমস্যা থেকে কবে পথচারীরা পরিত্রাণ পাবে সেটাই এখন বড় বিষয় হয়ে উঠেছে। অসহ্য যন্ত্রণা নিয়ে মানুষ প্রতিদিন এই রাস্তা দিয়ে যাতায়াত করছে। সঠিক সময়ে গন্তব্যস্থলে পৌঁছাতে পারবে কিনা তার নিশ্চয়তা নেই। ঘটছে একাধিক দুর্ঘটনা। দিন দিন করুণ দশায় পরিণত হচ্ছে জাতীয় সড়ক।

