স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৯ জুলাই : ভারতীয় গণতান্ত্রিক যুব ফেডারেশনের পঞ্চম তেলিয়ামুড়া বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয় রবিবার। তেলিয়ামুড়া টাউন হলে এই সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনকে কেন্দ্র করে এদিন সকাল ১০ টা নাগাদ তেলিয়ামুড়া শহরে এক মিছিল করা হয়। মিছিল থেকে বেকারত্ব বৃদ্ধি, নেশার প্রসার সহ বিভিন্ন জনস্বার্থের ইস্যুতে বর্তমান সরকারের বিরুদ্ধে স্লোগান তোলেন সংগঠনের নেতা-কর্মীরা। মিছিল শেষে চিত্রাঙ্গদা কলা কেন্দ্রে সকল কর্মী সমর্থকরা শামিল হন। সম্মেলনের উদ্বোধন করেন ত্রিপুরা বিধানসভার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী।
এছাড়াও উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার বিধায়ক নির্মল বিশ্বাস, ডি ওয়াই এফ আই রাজ্য কমিটির সভাপতি পলাশ ভৌমিক, রাজ্য সম্পাদক নবারুণ দেব এবং কেন্দ্রীয় কমিটির সদস্যা মল্লিকা শীল সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী অভিযোগ করেন, আন্তর্জাতিক ক্ষেত্রে সাম্রাজ্যবাদ ও দেশের একচেটিয়া পুজি-প্রতিদের উদ্দেশ্যে রাজনৈতিক স্বার্থের জন্য বিভাজন করছে ক্ষমতাসীন দল। যার কারণে মানুষের মধ্যে বিভাজন তৈরি করতে জাতপাত, ধর্ম এবং ভাষাকে হাতিয়ার করে চলেছে। তিনি আরো বলেন, আমেরিকা এবং ইরানের মধ্যে যে যুদ্ধ চলছে তার প্রভাব ভারতের উপর পড়বে না ভাবলে ভুল হবে। কারণ দেশে এবং রাজ্যে যখন বেকারত্বে যুবকরা হিমশিম খাচ্ছে তখন যে ঘাত, প্রতিঘাত তৈরি হচ্ছে সেটা এরই লক্ষণ বলে দাবি করেন বিরোধী দলনেতা। তিনি আরো বলেন, বর্তমান সরকারের আমলে রাজ্যে নেশার প্রসার এবং বেকারত্বের হার উদ্বেগজনকভাবে বেড়েছে। তিনি যুব সমাজের স্বার্থে বিভিন্ন গণআন্দোলন ও কর্মসূচি আরও জোরদার করার আহ্বান জানান। অন্যদিকে, ডি ওয়াই এফ আই-এর রাজ্য সভাপতি পলাশ ভৌমিক বলেন, বর্তমানে দেশে একটি কঠিন পরিস্থিতি বিরাজ করছে। তাঁর অভিযোগ, দেশের সংবিধানের মূল চেতনা পরিবর্তনের চেষ্টা চলছে, যার ফলে সাধারণ মানুষ নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন। তিনি জানান, সাধারণ মানুষের অধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় ভারতীয় গণতান্ত্রিক যুব ফেডারেশন ভবিষ্যতেও ধারাবাহিকভাবে প্রতিবাদ ও আন্দোলন চালিয়ে যাবে। সম্মেলনে সর্বমোট ৩১৫ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।

