স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৯ জুলাই : মুঙ্গিয়াকামী বাজার – চামলছড়া পর্যন্ত জাতীয় সড়কের বেহাল দশা। দিনরাত চব্বিশ ঘন্টাজীবন ঝুঁকি নিয়ে ছুটছে যাত্রীবাহী এবং পণ্যবাহী গাড়ি। পথচারীদের বক্তব্য, এটা জাতীয় সড়ক হতে পারে না। গ্রামের রাস্তা পর্যন্ত এর থেকে ভালো আছে। দেশের কোন রাজ্যের জাতীয় সড়কের এমন দশা নেই। এক পথচারী দাবি করলেন উত্তর পূর্বাঞ্চলের মধ্যে সবচেয়ে খারাপ জাতীয় সড়ক ত্রিপুরায়। রাজ্য সরকারের প্রয়োজন ইতিমধ্যে জাতীয় সড়ক পরিদর্শন করার। এটা জাতীয় সড়ক কিনা তাহলে বুঝতে পারবেন তাঁরা।
তবে প্রতিদিন পণ্যবাহী লরি থেকে শুরু করে বহু যাত্রীবাহী গাড়ি এই রাস্তা দিয়ে যাতায়াত করে। জীবন ঝুঁকি নিয়ে যাতায়াত করছে গাড়িচালক থেকে শুরু করে যাত্রীরা। বিভিন্ন সময় দুর্ঘটনার চিত্র সামনে উঠে আসছে। যদিও জাতীয় সড়কের এমন বেহাল দশা সম্পর্কে রাজ্যের মুখ্যমন্ত্রী অবগত আছেন। মুখ্যমন্ত্রী চাইছেন জাতীয় সড়ক অবিলম্বে সংস্কার করার জন্য। কেন্দ্রীয় সরকারকে ইতিমধ্যে তিনি চিঠি দিয়েছেন। ছবি সহ দ্রুত রাস্তা সংস্কারের জন্য দাবি করেছেন। তবে বর্ষার মরশুমে কাজ হবে না সেটা এক প্রকার ভাবে নিশ্চিত। এদিন পথচারীদের বক্তব্যে স্পষ্ট হয়েছে জাতীয় সড়ক নির্মাণে অত্যন্ত দুর্নীতি হয়েছে। নিম্নমানের কাজ না হলে রাস্তার অবস্থা এতটা করুণ হতে পারে না। কেউ কেউ সড়ক সংস্কারের দায়িত্বে থাকা বহিরাজ্যের সংস্থার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন।

