কলকাতা, ১৮ জুলাই (হি.স.):বিশ্বকাপে এই প্রথমবারের মতো বিশ্বকাপজয়ী দলকে দেওয়া হবে বিশেষ ‘চ্যাম্পিয়নশিপ রিং’ বা আংটি।
নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে ২০ জুলাই বিশ্বকাপের ফাইনাল। শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপীয় শক্তি স্পেন। ঐতিহ্যবাহী বিশ্বকাপ ট্রফি ও স্বর্ণপদকের পাশাপাশি বিজয়ী দলের জন্য থাকবে এই চ্যাম্পিয়নস রিং।
বিশ্বকাপ উপলক্ষ্যে মোট ২ হাজার ২৬টি চ্যাম্পিয়নশিপ রিং তৈরি করা হবে। এর মধ্যে বিশ্বচ্যাম্পিয়ন দলের সদস্যদের জন্য বরাদ্দ থাকবে ৩০টি আংটি। বাকি ১ হাজার ৯৯৬টি আংটি বিশ্বের বিভিন্ন প্রান্তের সমর্থকদের জন্য বিক্রির ব্যবস্থা করা হবে।
আংটির এক পাশে থাকবে বিশ্বকাপ ট্রফির নকশা। অন্য পাশে ফুটে উঠবে চ্যাম্পিয়ন দলের পরিচয় ও অর্জনের স্মারক। বিজয়ী দলের জন্য তৈরি প্রতিটি আংটিই হবে স্বতন্ত্র নম্বরযুক্ত এবং সংশ্লিষ্ট ব্যক্তির আঙুলের মাপ অনুযায়ী বিশেষভাবে প্রস্তুত করা হবে। প্রতিটি আংটির সঙ্গে দেওয়া হবে সত্যায়নপত্রও।
ফাইনাল শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ী দলের অধিনায়ক ও প্রধান কোচের হাতে প্রতীকী বা অস্থায়ী আংটি তুলে দেওয়া হবে। পরে চ্যাম্পিয়ন দলের জন্য নির্ধারিত ৩০টি আংটি ব্যক্তিগত মাপ অনুযায়ী তৈরি করে আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হবে।

