স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৫ জুলাই : মুখ্যমন্ত্রীর পরিদর্শনের পর জিবি হাসপাতালে শুরু হয়েছে দৌড়ঝাঁপ। এবার ট্রমা সেন্টারে পুনরায় চালু হতে চলেছে ট্রায়েজ পরিষেবা। দীর্ঘদিন ধরে এই পরিষেবা হাসপাতালে বন্ধ রেখেছেন দায়িত্বপ্রাপ্তরা। এবার এই পরিষেবা চালু হতে চলেছে হাসপাতালে। হাসপাতালের ট্রায়াজ পরিষেবা হলো রোগী বাছাই ও অগ্রাধিকার নির্ধারণের একটি ব্যবস্থা। জরুরি বিভাগে একসঙ্গে অনেক রোগী এলে, কার চিকিৎসা আগে প্রয়োজন তা নির্ধারণ করতে ডাক্তার বা নার্সরা এই পদ্ধতি ব্যবহার করেন।
এর মাধ্যমে সবচেয়ে গুরুতর রোগীদের তাৎক্ষণিক সেবা দেওয়া নিশ্চিত করা হয়। হাসপাতালের মেডিকেল সুপার বিধান গোস্বামী এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন সংবাদ মাধ্যমকে। তিনি বলেন মুখ্যমন্ত্রী পরিদর্শনে এসে দেখেছেন জিবি হাসপাতালের বিভিন্ন বিভাগে চেয়ার টেবিল এবং পানীয় জল সহ অন্যান্য সুযোগ সুবিধার বন্দোবস্ত করার প্রয়োজন। যথারীতি সেই বন্দোবস্ত করছেন হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা। তিনি আরো জানিয়েছেন পূর্ত দপ্তরের কিছু সমস্যা ছিল। বিভিন্ন ওয়ার্ডে এবং বিভাগে পানীয় জলের বেসিং সহ বিভিন্ন সামগ্রিক ছিল না। এগুলি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারদের দেখানো হয়। দ্রুত কাজ গুলি করার জন্য বলা হয়। ট্রায়েজ পরিষেবা বন্ধ থাকা নিয়ে তিনি বলেন, নার্সিং অফিসার এবং মেডিকেল অফিসার না থাকার কারণে এই পরিষেবা বন্ধ ছিল। কিছুদিনের মধ্যেই এই পরিষেবা শুরু করা হবে। পাশাপাশি চুরি ছিনতাইয়ের ঘটনা রুখতে হাসপাতালের বিভিন্ন লাইনের মধ্যে সিকিউরিটি গার্ডদের ছদ্মবেশে দাঁড় করানো হচ্ছে। গত দু’মাসে ১০ জন চোর আটক হয়েছে। কিন্তু সিসি ক্যামেরা না থাকার কারণে হাজার হাজার মানুষকে গার্ড দেওয়া সমস্যা হচ্ছে বলে জানান তিনি।

