স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৪ জুলাই : ১ আগস্ট থেকে শুরু হচ্ছে জনগণনা। চলবে ৩০ আগস্ট পর্যন্ত। মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে এই তথ্য তুলে ধরেন পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডক্টর বিশাল কুমার। তিনি বলেন, জনগণনা ২০২৭ দুইটি পর্যায়ে সম্পন্ন করা হবে। প্রথম পর্যায়ে হাউস লিস্টিং অপারেশন ১ আগস্ট থেকে ৩০ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হবে।
হাউস লিস্টিং অপারেশন শুরুর পূর্বে ভারতের জনগণনার ইতিহাসে প্রথম বারের মতো ভারত সরকার একটি বিশেষ ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে স্বয়ং গণনা ব্যবস্থা চালু করেছে। ১৭ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত এই স্বয়ং গণনা ব্যবস্থা চালু থাকবে। প্রতিদিন সকাল ৬ টা থেকে রাত্রি ১২ টা পর্যন্ত স্বয়ং গণনা পোর্টাল খোলা থাকবে। আরও জানান ১ আগস্ট থেকে ৩০ আগস্ট পশ্চিম জেলায় জনগণনার কাজে নিযুক্ত প্রায় ২ হাজার এনিউমারেটর ও সুপারভাইজাররা প্রতিটি বাড়িতে গিয়ে বাড়ির অবস্থা ও পরিবারের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবে। পরবর্তী সময় এই তথ্য অনলাইন পোর্টালে দিয়ে দেওয়া হবে। আয়োজিত সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন মহকুমা শাসক সহ অন্যান্য আধিকারিক।

