স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১ জুলাই :নন্দননগরের নাবালিকাকে তিনদিন ধরে আটকে রেখে নির্যাতন করে বলে অভিযোগ উঠে এক মিষ্টির দোকানের কর্মচারীর বিরুদ্ধে। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ময়দানে সরব হল সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি। বুধবার সংগঠনের পক্ষ থেকে আগরতলার পূর্ব মহিলা থানায় ডিপুটেশন প্রদান করা হয়।
এদিন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির সাধারণ সম্পাদিকা স্বপ্না দত্ত জানান, রাজ্যে নারীদের নিরাপত্তা নেই। নিরাপত্তার অভাবে মামলা পর্যন্ত করতে পারছেন না নাবালিকা মেয়েটির পরিবার। এ ধরনের ঘটনা রাজ্যে প্রতিনিয়ত ঘটে চলছে। কিন্তু রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী এই বিষয়ে উদাসীন। তাই নারীদের নিরাপত্তার বিষয়ে সরকার যেন তার সদিচ্ছা মনোভাব প্রকাশ করেন। পাশাপাশি তিনি আরো বলেন, এই ঘটনায় অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি।

