স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩০ জুন :আগরতলা শহর জুড়ে রাস্তাঘাটের অবস্থা বেহাল। কারণ রাস্তার পাশে নির্মাণ করা হচ্ছে কভার ড্রেইন। আর এই উন্নয়ন মূলক কাজের জন্য পুর নিগমের আহ্বানে সম্প্রতি রাজধানীর মন্ত্রী বাড়ি রোডের বেশ কিছু দোকান সরিয়ে নেওয়া হয়। মঙ্গলবার মন্ত্রী বাড়ি রোড এলাকা সরজমিনে পরিদর্শন করেন মেয়র দীপক মজুমদার। সাথে ছিলেন কর্পোরেটর রত্না দত্ত সহ পুর নিগমের আধিকারিকরা।
এইদিন মন্ত্রী বাড়ি রোড এলাকা পরিদর্শনের পর মেয়র দীপক মজুমদার জানান আগরতলা শহরকে যানজট মুক্ত রাখতে, জনগণের চলাচলের যেন সুবিধা হয় তার জন্য পুর নিগমের ধারাবাহিক অভিযান চলছে। মন্ত্রীবাড়ি রোড এলাকায় খাস জায়গায় বেশকিছু দোকান ছিল পুরানো। এই জায়গায় বর্তমানে কভার ড্রেইন নির্মাণ করা হবে। তাই যাদের দোকান খাস জায়গায় ছিল তাদেরকে তাদের দোকান সরিয়ে নেওয়ার জন্য বলা হয়েছে। তাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে তাদের জন্য বিকল্প ব্যবস্থা করা হবে। সেই মোতাবেক খাস জায়গায় যাদের দোকান ছিল তারা তাদের দোকান অন্যত্র সরিয়ে নিয়েছে। তাই এইদিন সংশ্লিষ্ট জায়গাটি পরিদর্শন করে দেখা হয়েছে।

