বাড়িখেলাভারত সফরে বুধবার আসছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি

ভারত সফরে বুধবার আসছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি

টোকিও, ৩০ জুন (হি.স.) : জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি আগামী ১ জুলাই থেকে তিন দিনের ভারত সফরে আসছেন। সফরকালে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। জাপান সরকারের দাবি, অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করাই এই সফরের মূল লক্ষ্য।

জাপান সরকারের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, নয়াদিল্লিতে দুই দেশ অর্থনৈতিক নিরাপত্তা সংক্রান্ত একটি যৌথ ঘোষণাপত্র প্রকাশ করতে পারে। সেখানে অর্থনৈতিক চাপ বা জবরদস্তির বিরুদ্ধে যৌথ অবস্থানের উল্লেখ থাকার সম্ভাবনা রয়েছে।

জানা গেছে , সেমিকন্ডাক্টর, রেয়ার আর্থ-সহ গুরুত্বপূর্ণ খনিজ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, পরিচ্ছন্ন জ্বালানি এবং চিকিৎসা সামগ্রীর মতো পাঁচটি অগ্রাধিকারপ্রাপ্ত ক্ষেত্রে সহযোগিতা আরও বিস্তৃত করার বিষয়ে দুই দেশের মধ্যে ঐকমত্য হওয়ার সম্ভাবনা রয়েছে।

গত বছরের অক্টোবরে প্রধানমন্ত্রী পদে দায়িত্ব নেওয়ার পর এটাই সানায়ে তাকাইচির প্রথম ভারত সফর। সফর ঘোষণা করে জাপানের প্রধান মন্ত্রিপরিষদ সচিব মিনোরু কিহারা বলেন, অর্থনৈতিক নিরাপত্তা, বিনিয়োগ এবং উদ্ভাবনের ক্ষেত্রে সহযোগিতা বাড়িয়ে ভারতের সঙ্গে কৌশলগত সম্পর্ককে আরও শক্তিশালী করাই জাপানের লক্ষ্য।

তিনি আরও বলেন, মুক্ত ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক গড়ে তুলতে ভারত-জাপান সম্পর্ক আরও সুদৃঢ় হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এই সফর এমন এক সময়ে হচ্ছে, যখন জাপান-চিন সম্পর্ক এখনও উত্তেজনাপূর্ণ। গত নভেম্বরে সংসদে সানায়ে তাকাইচি বলেছিলেন, তাইওয়ানের উপর হামলার পরিস্থিতি তৈরি হলে মার্কিন সমর্থনে জাপানের প্রতিরক্ষা বাহিনী প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারে।

অন্যদিকে, হিমালয় সীমান্তে চিনের সঙ্গে ভারতের দীর্ঘদিনের সীমান্ত বিরোধ রয়েছে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতি ঘিরে আন্তর্জাতিক বাণিজ্য পরিস্থিতির পরিবর্তনের মধ্যে ভারত অর্থনৈতিক স্বার্থকে গুরুত্ব দিয়ে চিনের সঙ্গেও সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য