স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৭ জুন : দুর্ঘটনায় মৃত্যু এক অটো চালকের। ঘটনা আগরতলার অদূরে দেবেন্দ্র নগর ডাম্পিং স্টেশন এলাকায়। মৃত অটো চালকের নাম অজিত পাল। বাড়ি কামালঘাট এলাকায়। জানা যায় অজিত পাল আগরতলা শহরে প্রতিদিন অটো চালান। সন্ধ্যার পর অটো নিয়ে বাড়িতে চলে যান। অন্যান্য দিনের ন্যায় শুক্রবার সন্ধ্যায় অজিত পাল অটো নিয়ে বাড়িতে যাওয়ার সময় দেবেন্দ্র নগর ডাম্পিং স্টেশন এলাকায় অটোর চাকা গর্তে পড়ে যাওয়ার কারনে তিনি দুর্ঘটনার কবলে পড়েন।
যদিও তেমন আঘাত পান নি। তখন অজিত পাল পুনঃরায় অটো নিয়ে বাড়িতে চলে যান। বাড়িতে যাওয়ার পর ঘুমিয়ে পড়েন। কিন্তু অজিত পালের শরীরের অভ্যন্তরে আঘাত লেগেছে তা তিনি নিজেও বুঝতে পারেন নি। শনিবার ভোর চারটা নাগাদ অজিত পালের শরীরে অসহনীয় ব্যথা শুরু হয়। সাথে সাথে পরিবারের লোকজন তাকে নিয়ে যায় এক বেসরকারি নার্সিং হোমে। সেখান থেকে অজিত পালকে আশঙ্কা জনক অবস্থায় জিবি হাসপাতালে রেফার করে দেওয়া হয়। জিবি হাসপাতালে নিয়ে আসার কিছু সময় বাদে অজিত পাল মৃত্যুর কোলে ঢলে পড়ে বলে জানান মৃত অজিত পালের ছোট ভাই।

