স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৭ জুন :১১ দফা দাবিতে ২৯ জুন এস.সি ও ও.বি.সি কর্পোরেশন ঘেরাও করবে প্রদেশ কংগ্রেসের এস.সি ও ও.বি.সি বিভাগ। তপশিলি জাতি ও অন্যান্য অনগ্রসর শ্রেণির বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে ২৯ জুন আগরতলার লেইক চৌমুহনীস্থিত এস.সি ও ও.বি.সি কর্পোরেশন ঘেরাও কর্মসূচির ডাক দিল প্রদেশ কংগ্রেসের এসসি ও ওবিসি বিভাগ।
শনিবার প্রদেশ কংগ্রেস ভবনে যৌথ ভাবে সাংবাদিক সম্মেলন করে এই কর্মসূচির ঘোষণা করেন প্রদেশ কংগ্রেসের এসসি ডিপার্টমেন্টের চেয়ারম্যান নিরঞ্জন দাস এবং ওবিসি ডিপার্টমেন্টের চেয়ারম্যান মনোরঞ্জন দেবনাথ। সাংবাদিক সম্মেলনে তারা জানান অবিলম্বে সরকারি দপ্তরের সকল শূন্যপদ পূরণ করতে হবে। এসসি কর্পোরেশনের মাধ্যমে তপশিলি সম্প্রদায়ের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে।
গ্যারান্টার ছাড়াই গাড়ি, অটো ক্রয়ের ঋণ প্রদান করতে হবে। শিক্ষিত বেকারদের মাসিক ৫ হাজার টাকা করে ভাতা দিতে হবে। তপশিলি ইঞ্জিনিয়ারদের ঠিকাদারি কাজের জন্য ৩০ লক্ষ টাকা ঋণ দিতে হবে। এবং প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা চালু করতে হবে। পাশাপাশি রেগা শ্রমিকদের দৈনিক মজুরি ৫০০ টাকা করার দাবিও জানান তারা। অপরদিকে ওবিসি সম্প্রদায়ের দাবি গুলির মধ্যে রয়েছে ওবিসি কর্পোরেশন থেকে ঋণ নিতে সরকারি কর্মচারী গ্যারান্টারের বাধ্যবাধকতা বাতিল করতে হবে। সরকারি বাজেটে ওবিসিদের জন্য বৃত্তি ও পেশাগত উন্নয়নমূলক প্রকল্প চালু করতে হবে। ওবিসি ডেভেলপমেন্ট কাউন্সিল গঠন করতে হবে। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়, জিরানিয়ার এনআইটি-সহ সব কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠানে ২৭ শতাংশ সংরক্ষণ কার্যকর করতে হবে। এবং ওবিসি শিক্ষিত বেকারদের মাসিক ৫ হাজার টাকা বেকার ভাতা দিতে হবে।

