স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৩ জুন : শান্তিরবাজার মহকুমা অন্তর্গত মনু জমাতিয়া পাড়া থেকে সর্দারাই রিয়াং পাড়া পর্যন্ত সংযোগকারী সড়কের বেহাল অবস্থা। এতে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে এই গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়কটি এখন প্রায় চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। ফলে এলাকার প্রায় ৫২ টি পরিবার প্রতিদিন চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। স্থানীয়দের অভিযোগ, বামফ্রন্ট সরকারের আমল থেকে শুরু করে বর্তমান বিজেপি-তিপ্রা মথা জোট সরকারের সময়েও এই রাস্তা সংস্কারের আশ্বাস দেওয়া হলেও বাস্তবে কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি। বর্ষা এলেই পরিস্থিতি আরও ভয়াবহ রূপ ধারণ করে।
রাস্তার বিভিন্ন অংশ কাদা ও জলমগ্ন হয়ে পড়ে, ফলে সাধারণ মানুষের যাতায়াত কার্যত অসাধ্য হয়ে উঠে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, সড়কের উপর নির্মিত কাঠের একটি কালভার্ট বর্তমানে ভেঙে পড়ার মুখে। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে বলে দাবি এলাকাবাসীর। এই সড়কটিই গ্রামবাসীর একমাত্র যোগাযোগের মাধ্যম হওয়ায় প্রতিদিন স্কুল-কলেজের ছাত্রছাত্রী, কৃষক, বৃদ্ধ ও অসুস্থ ব্যক্তিদের জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ক্ষোভ উগরে দেন এলাকাবাসী। তাদের অভিযোগ, ২২ কাঠালিয়া-রাজাপুর-মির্জা কেন্দ্রের নির্বাচিত এমডিসি ডেবিট মুড়াসিং নির্বাচনের সময় রাস্তা সংস্কারের প্রতিশ্রুতি দিলেও নির্বাচনের পর আর এলাকায় দেখা যায় না। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে সমস্যার কথা জানাতে চাইলেও প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। এলাকাবাসীর বক্তব্য, নির্বাচনের সময় প্রতিশ্রুতির শেষ হয় না, কিন্তু ভোট শেষ হলেই সাধারণ মানুষের দুর্ভোগ যেন কারও নজরে পড়ে না। বছরের পর বছর একই সমস্যার মধ্যে বসবাস করছে তারা, অথচ সমাধানের কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না।”
এলাকাবাসীর আরও অভিযোগ, বিজেপি-তিপ্রা মথা জোট সরকারের আমলেও এই গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়কের উন্নয়নে কোনো দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করা হয়নি। ফলে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ দিন দিন বাড়ছে। বর্তমানে মনু জমাতিয়া পাড়া ও সর্দারাই রিয়াং পাড়ার বাসিন্দাদের একটাই দাবি—অবিলম্বে ভেঙে পড়া কালভার্ট মেরামত এবং সম্পূর্ণ সড়কটির সংস্কারের ব্যবস্থা গ্রহণ করা হোক। অন্যথায় আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথ বেছে নিতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন ক্ষুব্ধ এলাকাবাসী।

