স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৯ জুন : জীবনের শেষ প্রান্তে এসে বয়সের ভারে যখন শরীর ঝুঁকে পড়েছে, তখন পাশে থাকার কথা আপনজনদের, কিন্তু একাই দিন কাটাচ্ছেন তেলিয়ামুড়া পুর পরিষদের ১৫ নং ওয়ার্ডের গামাইবাড়ি এলাকার বাসিন্দা বৃদ্ধা সান্তনা বালা দাস। জানা যায়, দীর্ঘ বছর ধরেই একাকী জীবনযাপন করছেন তিনি। বার্ধক্যের কারণে স্বাভাবিক চলাফেরাও কঠিন হয়ে পড়েছে। নেই সন্তান কিংবা দেখাশোনা করার মতো কেউ।এলাকাবাসী সূত্রে জানা গেছে, ২০১৮ সালে নতুন সরকার গঠনের পর তার পারিবারিক রেশন কার্ড এপিএল থেকে অন্ত্যোদয় শ্রেণিতে অন্তর্ভুক্ত করা হয়।
কিন্তু বর্তমানে অজ্ঞাত কারণে তার একমাত্র ভরসা বার্ধক্য ভাতাটিও বন্ধ হয়ে গেছে বলে অভিযোগ। তিনি জানান, প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে ঘর পাননি, উজ্জলা যোজনার মাধ্যমে রান্নার গ্যাস পান নি, ঘরে বিদ্যুৎ পর্যন্ত নেই। তীব্র গরমের মধ্যে সবকিছু যেন শরীর-সহ্য করে নিচ্ছে। ফলে চরম সমস্যার মধ্যে দিন কাটাতে হচ্ছে এই বৃদ্ধাকে। একদিকে জীবনের শেষ সময়ে একাকীত্ব, অন্যদিকে সামান্য আর্থিক সহায়তাটুকুও বন্ধ হয়ে যাওয়ায় অসহায় হয়ে পড়েছেন সান্তনা বালা দাস। এখন প্রশাসনের কাছে তার আবেদন— পুনরায় যেন চালু করা হয় তার বন্ধ হয়ে যাওয়া বার্ধক্য ভাতা। যাতে জীবনের শেষ দিনগুলো অন্তত ন্যূনতম স্বস্তিতে কাটাতে পারেন তিনি।

