স্যন্দন
ডিজিটাল
ডেস্ক,
আগরতলা।
৬ আগস্ট:ত্রিপুরা ট্রাইবাল
এরিয়া অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (এডিসি)-এর আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে
রেখে নয়াদিল্লিতে বিজেপির কেন্দ্রীয় কার্যালয়ে বৃহস্পতিবার অনুষ্ঠিত হলো দলের কোর
কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক। নির্বাচনের প্রস্তুতি, সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং জনজাতি
অধ্যুষিত এলাকায় রাজনৈতিক কৌশল নির্ধারণকে কেন্দ্র করেই এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে উপস্থিত
ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডাঃ) মানিক সাহা, জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ
দেববর্মা, বিজেপি ত্রিপুরা প্রদেশ সভাপতি অভিষেক দেব রায়, রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য,
প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা, প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিকসহ
দলের কেন্দ্রীয় ও রাজ্যস্তরের একাধিক শীর্ষ নেতা।
দলীয় সূত্রের
খবর, দীর্ঘ সময় ধরে চলা এই বৈঠকে বুথস্তরের সাংগঠনিক কাঠামো আরও শক্তিশালী করা, নির্বাচনী
প্রচারের রূপরেখা, জনজাতি এলাকায় জনসংযোগ বৃদ্ধি এবং তৃণমূল স্তরের কর্মীদের সক্রিয়
অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি রাজ্যের বর্তমান রাজনৈতিক
পরিস্থিতি এবং সম্ভাব্য নির্বাচনী সমীকরণ নিয়েও পর্যালোচনা করা হয়েছে বলে জানা গেছে।
এদিকে, বৈঠকের
পর বিজেপির জোট কৌশল নিয়ে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। বিশেষ করে, আসন্ন
এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে দলটি বিধানসভা নির্বাচনের মতোই জোটসঙ্গী টিপরা মথা এবং
আইপিএফটি-র সঙ্গে একযোগে লড়বে, নাকি আলাদা কৌশল গ্রহণ করবে—তা নিয়ে ব্যাপক কৌতূহল
তৈরি হয়েছে।
তবে বৈঠক শেষে
এই জোট প্রসঙ্গে বিজেপির পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।
রাজ্যের মন্ত্রী
তথা বিজেপি নেতা টিংকু রায় সামাজিক মাধ্যমে এক পোস্টে জানান, বৈঠকে দলের সাংগঠনিক
কার্যক্রমকে আরও সুসংগঠিত, শক্তিশালী ও গতিশীল করে তোলার লক্ষ্যে বিস্তারিত ও ফলপ্রসূ
আলোচনা হয়েছে। পাশাপাশি ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, জনকল্যাণমূলক উদ্যোগের সম্প্রসারণ
এবং সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড সাধারণ মানুষের কাছে আরও কার্যকরভাবে পৌঁছে দেওয়ার
বিষয়েও আলোচনা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন,
এ ধরনের বৈঠক দলের আদর্শিক ভিত্তি ও সাংগঠনিক শক্তিকে আরও সুদৃঢ় করতে এবং জনকল্যাণে
দলের অঙ্গীকারকে পুনর্ব্যক্ত করতে গুরুত্বপূর্ণ ও অনুপ্রেরণাদায়ক ভূমিকা পালন করে।
রাজনৈতিক মহলের
মতে, এডিসি ভিলেজ কমিটি নির্বাচন ত্রিপুরার জনজাতি রাজনীতির ভবিষ্যৎ এবং আগামী দিনের
নির্বাচনী সমীকরণ নির্ধারণে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে। ফলে বিজেপি শেষ পর্যন্ত
কী ধরনের জোট কৌশল গ্রহণ করে, সেদিকেই এখন নজর রাজনৈতিক পর্যবেক্ষকদের।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান