স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১১ জুন : বৃহস্পতিবার সকাল থেকে পশ্চিম লুধুয়া টিএফডিপিসি রাবার বাগানে শ্রমিকদের বিক্ষোভ। অফিসার ইনচার্জ ফটিক জমাতিয়ার বদলি প্রত্যাহারের দাবিতেই শ্রমিকদের এই বিক্ষোভ। জানা যায়, দক্ষিণ ত্রিপুরার পশ্চিম লুধুয়া টিএফডিপিসি রাবার বাগানের অফিসার ইনচার্জ ফটিক জমাতিয়ার বদলির আদেশকে কেন্দ্র করে চরম ক্ষোভে ফেটে পড়েছেন শ্রমিকরা। বদলির সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারের দাবিতে বৃহস্পতিবার সকাল থেকে বাগান চত্বরে বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা। পাশাপাশি দাবি পূরণ না হলে আগামী ১২ জুন থেকে কর্মবিরতিরও হুঁশিয়ারি দিয়েছেন শ্রমিকরা।
এদিন সকাল ৯টা থেকে এই রাবার বাগানে দফায় দফায় বিক্ষোভ প্রদর্শন করেন শ্রমিকরা। বিক্ষোভকারীদের অভিযোগ, মাত্র ৯ মাস আগে অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ফটিক জমাতিয়া। দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি বাগানের সার্বিক উন্নয়ন, শ্রমিকদের বিভিন্ন সমস্যার সমাধান এবং প্রশাসনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিলেন।শ্রমিকদের দাবি, ফটিক জমাতিয়ার নেতৃত্বে বাগানের কাজকর্মে স্বচ্ছতা, শৃঙ্খলা ও গতিশীলতা এসেছে। দীর্ঘদিনের নানা সমস্যার সমাধানে তিনি আন্তরিকতার সঙ্গে কাজ করেছেন। ফলে হঠাৎ করে তার বদলির সিদ্ধান্তে শ্রমিকদের মধ্যে হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। বর্তমানে পশ্চিম লুধুয়া টিএফডিপিসি রাবার বাগানের ওপর প্রায় ১৬০টি পরিবারঝ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নির্ভরশীল। শ্রমিকদের আশঙ্কা, এই মুহূর্তে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে সরিয়ে দিলে চলমান উন্নয়নমূলক কর্মকাণ্ড ব্যাহত হতে পারে এবং বাগানের স্বাভাবিক কার্যক্রমেও নেতিবাচক প্রভাব পড়তে পারে। বিক্ষোভরত শ্রমিকরা স্পষ্টভাবে জানিয়েছেন, ফটিক জমাতিয়ার বদলির আদেশ প্রত্যাহার না করা হলে আগামী ১২ জুন থেকে তারা কর্মবিরতি কর্মসূচিতে সামিল হবেন। বিষয়টি নিয়ে শ্রমিকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এখন প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কী পদক্ষেপ নেয়, সেদিকেই নজর রয়েছে শ্রমিক মহল সহ স্থানীয় বাসিন্দাদের।

