স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১১ জুন : পারিবারিক বিবাদকে কেন্দ্র করে দুই ভাইয়ের পরিবারের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ। ঘটনা চুরাইবাড়ি থানার অন্তর্গত দক্ষিণ বাঘন গ্রাম পঞ্চায়েতের ৫ নং ওয়ার্ডে। এই ঘটনায় উভয় পক্ষের মোট ৬ জন আহত হয়েছে। আহতরা প্রথমে নিয়ে যাওয়া হয় কদমতলা সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে। আহতদের মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ধর্মনগর জেলা হাসপাতালে রেফার করা হয়েছে।
আহতরা হল ছোট ভাই জালাল উদ্দিন, তাঁর স্ত্রী রায়না বেগম, এবং তাঁদের ছেলে ছালেক উদ্দিন। অপরদিকে বড় ভাই নুর উদ্দিন, তার ছেলে জাকির হোসেন এবং পুত্রবধূ রেশমা বেগমও আহত হয়েছে। জানা যায় বুধবার সকালে সামান্য কথা কাটাকাটিকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। এবং পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এতে এক পক্ষ অপর পক্ষের উপর চড়াও হয়। এতে আহত হয় উভয় পরিবারের মোট ৬ জন। এই ঘটনার জন্য এক পক্ষ অপর পক্ষের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করে। চুরাইবাড়ি থানায় মামলা পাল্টা মামলা দায়ের করা হয়েছে। পুলিশ গোটা ঘটনার তদন্তে নেমেছে।

