স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১১ জুন : উত্তরবঙ্গের শিলিগুড়ি থেকে আলু বোঝাই করে আগরতলার উদ্দেশ্যে রওনা হওয়া একটি লরি থেকে বুধবার বিপুল পরিমাণ নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার করেছে আসাম পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে লরিটি আটক করা হয় এবং তল্লাশিতে উদ্ধার হয় ১৪ হাজার ৭০০ বোতল নিষিদ্ধ এস কফ সিরাপ। আটক লরিটির নম্বর PB08CX5602।
১২ চাকার ওই ভারী যানবাহনে আলুর বস্তার আড়ালে অত্যন্ত কৌশলে লুকিয়ে রাখা হয়েছিল নিষিদ্ধ কফ সিরাপের চালান। তল্লাশি চালিয়ে মোট ৯৮টি কার্টুন থেকে ১৪,৭০০ বোতল কফ সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া কফ সিরাপের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৪৭ লক্ষ টাকা বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। ঘটনায় লরির চালক যোগেশ কুমারকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, তার বাড়ি পাঞ্জাবে। লরিটি ও পাঞ্জাবের। শিলিগুড়ি থেকে আলু বোঝাই করে আগরতলার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। তবে আলুর বস্তার আড়ালে বিপুল পরিমাণ অবৈধ কফ সিরাপ পাচারের বিষয়টি তদন্তে উঠে এসেছে। পুলিশ লরিটিকে বাজেয়াপ্ত করেছে এবং আটক চালককে জিজ্ঞাসাবাদ করছে। এই পাচার চক্রের সঙ্গে আর কারা জড়িত, এর পেছনে বড় কোনো সিন্ডিকেট সক্রিয় রয়েছে কি না, তা খতিয়ে দেখছে আসাম পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে সীমান্তবর্তী এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

