স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩ মে : চুরির ঘটনার তদন্তে নেমে তিন দফায় সাত চোরকে জালে তুললো পশ্চিম আগরতলা থানার পুলিস। পশ্চিম আগরতলা থানার ওসি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান ২৩ এপ্রিল শ্যামল দাস নামে এক ব্যক্তি পশ্চিম আগরতলা থানায় স্বর্ণের চেইন ও নগদ অর্থ চুরি হয়েছে বলে অভিযোগ দায়ের করেন। এই ঘটনার তদন্তে নেমে প্রথমে সজল সরকার, সুরজিৎ দেবনাথ ও শিবু সাহা নামে তিন জনকে গ্রেপ্তার করা হয়। তাদেরকে পুলিশ রিমান্ডে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ চালানোর পর আরও দুই জনের নাম জানা যায়।
তারা হল সায়ন সরকার ও সোহেল মিয়াঁ। যথারীতি তাদেরকেও গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে চুরির স্বর্ণের চেইনটি উদ্ধার করা হয়। তাদেরকে পুলিশ রিমান্ডের আর্জি জানিয়ে গত বৃহস্পতিবার আদালতে সোপর্দ করে পশ্চিম আগরতলা থানার পুলিশ। তারপর পুলিশ তাদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ চালিয়ে আরো দুই চোরের নাম জানতে পারে। শনিবার রাতে রামনগর ফাঁড়ির পুলিশ এবং পশ্চিম থানার পুলিশের যৌথ উদ্যোগে বিটারবন এলাকা থেকে জাকির হোসেন ও সাগর দাস নামে দুই চোরকে আটক করে। তাদের কাছ থেকে ৯ গ্রাম ওজনের স্বর্ণের চেইন উদ্ধার করে পুলিশ। তাদের আদালতে তোলা হবে বলে জানান পশ্চিম থানার ওসি রানা চ্যাটার্জি। তিনি আরো বলেন যে স্বর্ণের চেনটি তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে তার বাজার মূল্য এক লক্ষ ৭০ হাজার টাকা। আরো তিন থেকে চার জন এই গ্যাং-এর সঙ্গে জড়িত। তাদেরও জালে তোলার জন্য চেষ্টা করছে পুলিশ।

