স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩ মে : রাত পোহালে ৫৬ ধর্মনগর বিধানসভা কেন্দ্রের ভোট গণনা। গত নয় এপ্রিল ভোট গ্রহণ হয় ধর্মনগর বিধানসভার কেন্দ্রে। ভোট গণনা হবে পিএমশ্রী ধর্মনগর বালিকা বিদ্যালয়ে। ২০২৬ উপ-নির্বাচনে ৬ জন প্রার্থী এবারের লড়াই করেছেন। তাঁরা হলেন ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী জহর চক্রবর্তী, কংগ্রেস প্রার্থী চয়ন ভট্টাচার্য্য, সিপিআইএম প্রার্থী অমিতাভ দত্ত, আমরা বাঙালি দলের প্রার্থী বিভাস রঞ্জন দাস, এসইউসিআই সি-র প্রার্থী সঞ্জয় চৌধুরী, নির্দল প্রার্থী ব্রজলাল দেবনাথ।
ভোটের ফলাফল বের হওয়ার পর ছয়জনের মধ্যেই হবেন কেউ একজন ধর্মনগর বিধানসভার বিধায়ক। ২০২৮ সাল পর্যন্ত ধর্মনগর আসনের দায়িত্ব পালন করবেন। তবে বিশেষ ভাবে প্রতিনিধিত্ব করছে বর্তমান তিনজন প্রার্থী। তারা হলেন বিজেপি প্রার্থী জহর চক্রবর্তী, কংগ্রেস পার্থী চয়ন ভট্টাচার্যী এবং সিপিআইএম প্রার্থী অমিতাভ দত্ত। রাজনৈতিক মহলের অভিমত এ বছর হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে বিজেপি, সিপিআইএম এবং কংগ্রেসের মধ্যেই। ২০২৩ বিধানসভা নির্বাচনের হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল এই আসনে। সে সময় ভোটার ৩৭ হাজার ৯০৯ জন। ভোট দান করেছিলেন: ৩৭,৮৬১ জন এবং বাতিল ভোট: ৪৮ টি। বিজেপি প্রার্থী বিশ্ববন্ধু সেন ১৮,৬৮৪ ভোট পেয়ে জয়ী হয়েছিলেন। কংগ্রেস এবং সিপিআইএম জোট প্রার্থী পেয়েছিলেন ১৭,৫৮৬ টি ভোট, সৌরভ গোস্বামী ৬৫৮টি ভোট, নোটা ৪৪৪ টি ভোট। বিজেপির প্রার্থী বিশ্ব বন্ধু সেন ১,০৯৮টি ভোটে বিরোধী জোট প্রার্থী চয়ন ভট্টাচার্যকে পরাজিত করে বিজয়ী হয়েছিলেন। ২০২৬ সালে ভোটারের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। মোট ভোটার: ৪৬ হাজার ১৪৩ জন, এর মধ্যে পুরুষ ভোটার ২২,৩৮০ জন। মহিলা ভোটার ২৩,৭৬৩ জন। নতুন ভোটার ৯৩০ জন। প্রতিবন্ধী ও ৮৫ বছরের বেশি বয়স্ক ভোটার ১৮১ জন। রিটার্নিং অফিসার জানান সোমবার সকাল আটটা থেকে ভোট গণনা শুরু হবে। ১৪ টি টেবিলে ইভিএমের ভোট গণনা হবে। সঙ্গে আর.ও টেবিলে পোস্টাল ব্যালটের গণনা হবে। তিনি আরো জানান ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা থাকবে ভোট গণনা কে কেন্দ্র করে। প্রথম স্তরের নিরাপত্তা ব্যবস্থা গণনা ১০০ মিটারের মধ্যে হবে, দ্বিতীয় নিরাপত্তার ব্যবস্থা থাকবে ধর্মনগর বালিকা বিদ্যালয়ের গেটের সামনে এবং তৃতীয় স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে গণনা কেন্দ্রের এন্টি পয়েন্টে। সকাল ছয়টা থেকে গণনা কেন্দ্রের ১০০ মিটারের মধ্যে ১৬৩ ধারা বলবৎ থাকবে।
এদিকে রবিবার ডিআইজি নর্দান রতি রঞ্জন দেবনাথ ধর্মনগর উপনির্বাচনের স্ট্রংরুম এবং ধর্মনগর থানা পরিদর্শন করেন। পরিদর্শনকালে তার সাথে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলা সুপার অবিনাশ রাই, অতিরিক্ত পুলিশ সুপার কমল দেববর্মা, অতিরিক্ত মহাকুমা শাসক হিমেন্দু বিকাশ পাল সহ অন্যান্য আধিকারিকগণ। ডিআইজি নর্দান রতি রঞ্জন দেবনাথ পরিদর্শনের পর জানিয়েছেন, কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে ভোট গণনার পর্ব সম্পন্ন হবে। কোন ধরনের জমায়েত করা যাবে না গণনা কেন্দ্রের বাইরে। ১৬৩ ধারা বলবৎ থাকবে। গণনা কেন্দ্রে অনায়াসে কেউ প্রবেশ করতে না পারে তার জন্য বেরিকেট থাকবে। কেউ যদি আইনশৃঙ্খলা নষ্ট করার চেষ্টা করে তাহলে আইনি পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য হবে জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন। তারপরও যদি আইনশৃঙ্খলার অবনতি ঘটে তাহলে অতিরিক্ত নিরাপত্তা কর্মী মোতায়েন করার জন্য বন্দোবস্ত রয়েছে। আশা করা যাচ্ছে এমন কোন ঘটনা সংঘটিত হবে না। ইতিমধ্যে উপনির্বাচন এবং এডিসি নির্বাচন ঘিরে জেলায় কোনরকম অপ্রীতিকর ঘটনার খবর নেই। খবর লেখা পর্যন্ত শান্তিপূর্ণ রয়েছে ধর্মনগর। সকলের নজর থাকবে সোমবার ভোট গণনার দিকে। কি হতে চলেছে সোমবার। গণদেবতার রায়ে চূড়ান্ত হবেন বিধায়ক।

