স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩০ এপ্রিল : দুই মাসের বেতন না পেয়ে রাস্তায় নামতে হল মাদ্রাসা শিক্ষকদের। বৃহস্পতিবার সোনামুড়া বিদ্যালয় পরিদর্শকের কাছে ডেপুটেশন প্রদান করেন তারা। এদিন তারা বিদ্যালয়ে পরিদর্শকের নিকট পাঁচ দফা দাবিতে ডেপুটেশন প্রদান করেন। মূলত, দুই মাস ধরে বেতনই বন্ধ SPQEM মাদ্রাসা শিক্ষকদের, ফলে পরিবার নিয়ে চরম বেকায়দায় শিক্ষকরা।
তাই দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন মাদ্রাসার শিক্ষকরা। এর জেরে চরম আর্থিক সংকটে পড়েন পরিবার নিয়ে দিশেহারা অবস্থা কয়েক শতাধিক শিক্ষকের পরিবারের। ১৯৯৬-১৯৯৭ সাল থেকে ধাপে ধাপে নাম পরিবর্তন হয় বর্তমানে SPQEM প্রকল্পের অধীনে রাজ্যের বিভিন্ন মাদ্রাসায় প্রায় ৩৩৬ জন শিক্ষক কর্মরত রয়েছেন। এক শিক্ষকের বক্তব্য, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাস থেকে তাঁদের বেতন বন্ধ রয়েছে।
দুই মাস বেতন না পেয়ে ঘরভাড়া, রেশন, ছেলেমেয়ের পড়াশোনা, ওষুধ সব কিছু বন্ধের মুখে। অপর এক শিক্ষক বলেন, কেন্দ্র ও রাজ্য ৬০:৪০ অনুপাতে টাকা দেয়। কেন্দ্রের টাকা আসেনি বলে রাজ্য বেতন আটকে রেখেছে। বারবার দপ্তরে গিয়েও কোনো সুরাহা মিলছে না। বেতন বৃদ্ধির দাবি করা হয়েছিল, এখন বেতনই বন্ধ। ঈদের আগে থেকে এই অবস্থা। পরিবার নিয়ে কীভাবে চলবে, চিন্তায় আছেন তারা। অবিলম্বে বকেয়া বেতন মিটিয়ে দেওয়া এবং বেতন কাঠামো পুনর্বিন্যাসের দাবি জানিয়েছেন। দ্রুত ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারিও দিয়েছেন তাঁরা।

