স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১ জুলাই : তিন মাস ধরে বন্ধ সমস্ত সামাজিক ভাতা। বকেয়া ভাতা প্রদানের দাবিতে বুধবার হেজামারা ব্লকে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখায় তিপরা মথার এমডিসি রবীন্দ্র দেববর্মার নেতৃত্বে স্থানীয়রা। পরে হেজামারা আর.ডি ব্লকে তিন দফা দাবি নিয়ে বিডিও -র কাছে ডেপুটেশন প্রদান করেন একটি প্রতিনিধি দল। তাদের বক্তব্য এলাকায় গত মার্চ মাস থেকে সামাজিক ভাতা বন্ধ রয়েছে।
খুব দ্রুত বকেয়া সহ সামাজিক ভাতা প্রদানের উদ্যোগ গ্রহণ করা, প্রতিমাসের এক তারিখ যেন সামাজিক ভাতা প্রদান, প্রত্যেক বেনিফিশারির আইডি-র মাধ্যমে তাদেরকে স্মার্টকার্ড প্রদান করা। যাতে তারা যে কোনো জায়গা থেকে কার্ডের মাধ্যমে ভাতার টাকা তুলতে পারে। এদিন সকাল থেকেই হেজামারা ব্লকের অধীন ২১টা এডিসি ভিলিজের জনজাতি ভাতা প্রাপকরা জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে থাকে। পরিস্থিতি সামাল দিতে সিধাই থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। বিক্ষোভকারীরা হেজামারা আর.ডি ব্লকের প্রধান গেইটে তালা দিয়ে বিক্ষোভ দেখাতে থাকে। তাদের দাবি হেজামারা সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের সিডিপিও এবং ব্লকের ভিডিও তাদের এই সমস্যার সমাধান অতিশীঘ্রই ব্যবস্থা নিতে হবে। নাহলে পুনরায় আন্দোলনে নামবে বলে জানিয়েছেন।

