স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৭ এপ্রিল : এডিসি প্রশাসনের চাকুরি কেলেঙ্কারির প্রতিবাদে রাস্তায় নামল জনজাতি যুবক যুবতীরা। রবিবার রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে বিজেপি এই গুরুতর অভিযোগটি সামনে এনেছে। তারপর থেকেই জনজাতিদের মধ্যে তীব্র ক্ষোভে সৃষ্টি হয়। অভিযোগ কোন ধরনের বিজ্ঞাপন না দিয়ে গোপনে এডিসি প্রশাসন গ্রুপ-ডি ও গ্রুপ-সি পদে ১২০ জনকে নিয়োগ পত্র দিয়েছে। ইতিমধ্যে তারা চাকুরিতে যোগদান শুরু করে দিয়েছে।
এই বিষয়টি প্রকাশ্যে আসার পর জনজাতি যুবক যুবতীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। সোমবার জনজাতি যুবক যুবতীরা স্বামী বিবেকানন্দ ময়দানে স্বামী বিবেকানন্দের মূর্তির সামনে বিক্ষোভ প্রদর্শন করে। এইদিন তারা হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। তাদের অভিযোগ এডিসি প্রশাসন কোন ধরনের বিজ্ঞাপন না দিয়ে এই ১২০ জনকে নিয়োগ করেছে। যার কারনে তাদের যোগ্যতা থাকা সত্ত্বেও তারা ইন্টারভিউ দিতে পাড়ে নি। তাদের দাবি এই নিয়োগ বাতিল করতে হবে। এবং স্বচ্ছ ভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

