স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৭ এপ্রিল : সোমবার আগরতলা প্রজ্ঞা ভবনে ২০২৭ সালের আদম শুমারিকে সামনে রেখে রাজ্য স্তরের কর্মশালা অনুষ্ঠিত হয়। বিভিন্ন জেলার জেলা শাসক, মহকুমা শাসক সহ সংশ্লিষ্ট আধিকারিকদের নিয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন ডি.সি.ও ত্রিপুরা রতন বিশ্বাস, ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডেপুটি রেজিস্ট্রার জেনারেল সুভাষ দাসগুপ্ত সহ অন্যান্যরা। রাজ্যে জনগণনার প্রথম পর্যায় কিভাবে পরিচালিত হবে সেই বিষয় নিয়েই এই সেমিনারের আয়োজন করা হয়েছে।
প্রায় ১১ হাজারের মতো কর্মী এই জনগণনার কাজে নিয়োজিত থাকবে। এই বারের জনগণনা সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে করা হবে। প্রথম পর্যায়ের কাজ শুরু হবে ১৭ জুলাই। শেষ হবে ৩১ জুলাই। দ্বিতীয় পর্যায়ে জনগণনা শুরু হবে ১ আগস্ট। চলবে ৩০ আগস্ট পর্যন্ত। এই দিনের কর্মশালায় মূলত আলোচনা হয় বাড়ির তালিকাভুক্তি ও হাউজিং সেনসাসের প্রথম পর্যায়ের কাজের বিষয়, জনগণনা প্রক্রিয়া ও ডিজিটাল টুলস, জনগণনা ২০২৭-এর কৌশল, সময়কাল, প্রক্রিয়া, প্রশ্নপত্র ও ডিজিটাল টুলসের সারসংক্ষেপ, রাজ্যে কাজের অগ্রগতি, জনগণনা কর্মী নিয়োগ, প্রশিক্ষণ, তহবিল বিতরণ, ইউটিলাইজেশন সার্টিফিকেট এবং বিভিন্ন জনগণনা কর্মীদের ভূমিকা, মাঠ পর্যায়ের কার্যক্রমের চ্যালেঞ্জ, আন্তঃসংস্থা সমন্বয় ও রাজ্যে প্রচার কার্যক্রম, ডিজিটাল টুলস ব্যবহারের পদ্ধতি এবং CMMS ড্যাশবোর্ডের মাধ্যমে অগ্রগতি পর্যবেক্ষণ, স্ব-গণনা ইত্যাদি। এক সাক্ষাৎকারে ডি.সি.ও ত্রিপুরা রতন বিশ্বাস এইদিনের কর্মশালার বিষয়ে বিস্তারিত জানান।

