স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২২ এপ্রিল : সাব্রুম মহকুমার ২৮ শিলাছড়ি-মনুবনকুল এডিসি কেন্দ্রে বিজেপির জয়ের পর থেকেই আক্রমণের মাত্রা বেড়েছে বলে অভিযোগ উঠেছে। বিজেপি সূত্রে জানা গেছে, বিভিন্ন বাজার ও জনবহুল এলাকায় অস্থিরতা তৈরি করে ব্যবসা-বাণিজ্য ব্যাহত করার চেষ্টা করছে তিপরা মথা। পাশাপাশি একাধিক বিজেপি পার্টি কার্যালয়ে অগ্নিসংযোগ এবং ভাঙচুরের ঘটনা সংঘটিত করেছে, যা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে।
এই প্রেক্ষাপটে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এবং বিজেপি-র রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। তাঁরা আক্রান্ত দলীয় কার্যালয় গুলি ঘুরে দেখেন এবং স্থানীয় নেতৃত্ব ও ক্ষতিগ্রস্ত কর্মীদের সঙ্গে কথা বলেন। এদিকে মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, মথার দুর্বৃত্তরা শুধুমাত্র ভারতের জনতা পার্টির কর্মী সমর্থকদের বাড়িতে নয়, যারা ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করেছে তাদের বাড়ি ঘরেও আক্রমণ করেছে। তাই আইনের শাসন কিভাবে প্রতিষ্ঠিত করতে হয় সেটা করে দেখাবে সরকার।
মথা রাজনীতির নাম দিয়ে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। কোন অবস্থাতেই তাদের দাঙ্গা লাগাতে সফল হতে দেওয়া হবে না। কয়েকজনের নাম পাওয়া গেছে। তাদের ছাড়া হবে না। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য জানান, দল এখনও সংযম বজায় রাখার আহ্বান জানাচ্ছে, তবে যারা এই ধরনের হিংসাত্মক কর্মকাণ্ডে জড়িত তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। কাউকেই রেহাই দেওয়া হবে না।
সামগ্রিক পরিস্থিতি যে উদ্বেগজনক, তা অস্বীকার করার উপায় নেই। প্রশাসনের তরফে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে নজরদারি বাড়ানো হয়েছে। মুখ্যমন্ত্রী এবং প্রদেশ বিজেপি সভাপতি এর সঙ্গে ছিলেন রাজ্যের মুখ্য সচিব জে কে সিনহা, রাজ্য পুলিশের মহা নির্দেশক অনুরাগ ধ্যানকর, দক্ষিণ ত্রিপুরা জেলা শাসক সহ অন্যান্য আধিকারিক।

