স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২০ এপ্রিল :দেশের ৫ রাজ্যে নির্বাচনের আগে এডিসি-র ফলাফলে ত্রিপুরায় বড় ধাক্কা বিজেপি-র। পরে আবার শরিক দল দ্বারা লজ্জাজনক আক্রান্তের ঘটনা সামনে আসছে। বাড়ি ঘর ছাড়া বহু কর্মী সমর্থক। জানা যায়, ১৭ এপ্রিল ভোটের ফলাফল ঘোষণার পর ১১ মহারানী–তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রে বিজেপির শক্তিকেন্দ্র এবং সংখ্যালঘু মোর্চার খোয়াই জেলা সভাপতি রশিদ মিয়া সহ বেশ কিছু কর্মীদের বাড়িতে হামলা চালিয়েছিল তিপ্রা মথা আশ্রিত দুস্কৃতিরা। মথা আতঙ্কে বিজেপি কর্মী-সমর্থক বাড়িঘর ছেড়ে আশ্রয় নিয়েছেন তেলিয়ামুড়া থানার অন্তর্গত জারুইলং গেস্ট হাউসে।
সোমবার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান প্রদেশ বিজেপি সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য। সঙ্গে ছিলেন বিজেপি প্রদেশ কমিটির সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা এবং ত্রিপুরা বিধানসভার মূখ্যসচেতক কল্যাণী সাহা রায় সহ অন্যান্য নেতৃত্ব। প্রথমে তাঁরা ক্ষতিগ্রস্ত বিজেপি কর্মী সমর্থকদের বাড়ি সহ ক্ষতিগ্রস্ত দলীয় কার্যালয়টি পরিদর্শন করেন।
স্থানীয়দের সঙ্গে কথা বলে পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করেন। পরবর্তী পর্যায়ে জারুইলং গেস্ট হাউসে আশ্রয় নেওয়া কর্মী-সমর্থকদের সঙ্গে দেখা করে তাঁদের পাশে থাকার এবং ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রদেশ বিজেপির সভাপতি রাজিব ভট্টাচার্য বলেন, যারা দলের হয়ে আক্রান্ত হয়েছেন এবং ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পাশে আছে সরকার। যতটুকু ক্ষতি হয়েছে সম্পূর্ণ সহযোগিতা করা হবে। কারণ এ কার্যকর্তারাই সংগঠনের স্তম্ভ বলে দাবি করেন প্রদেশ বিজেপি সভাপতি। তিনি শরিকদল তিপরা মথাকে নিশানা করে বলেন সন্ত্রাস করে রাজ্যকে এগিয়ে নেওয়া যাবে না। মানুষ শান্তি চায়। প্রদেশ সভাপতির আশ্বাস পেয়ে কিছুটা মনোবল চাঙ্গা হয়েছে দলীয় কর্মী সমর্থকদের।

