স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২০ এপ্রিল :রাজ্যের জনজাতি অধ্যুষিত অঞ্চলে শিক্ষার মান আরও উন্নত করতে একগুচ্ছ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল জনজাতি কল্যাণ দপ্তর। সোমবার সবিচালয়ে দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মার সভাপতিত্বে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে এই রূপরেখা সামনে আসে। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের বিভিন্ন বিদ্যালয় ও একলব্য রেসিডেনসিয়াল মডেল বিদ্যালয়ের মেম্বার সেক্রেটারি, প্রিন্সিপাল, জনজাতি কল্যাণ দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার-সহ সংশ্লিষ্ট আধিকারিকরা।
মূল আলোচনার কেন্দ্রবিন্দু ছিল—কীভাবে জনজাতি ছেলে-মেয়েদের জন্য আধুনিক ও গুণগত শিক্ষা আরও সহজলভ্য করা যায়। বৈঠক মন্ত্রী জানান, বর্তমানে রাজ্যের বিভিন্ন জেলায় ১২ টি একলব্য রেসিডেনসিয়াল মডেল বিদ্যালয় চালু রয়েছে। খুব শীঘ্রই আরও ৬ টি নতুন বিদ্যালয় চালুর প্রক্রিয়া শেষ পর্যায়ে। পাশাপাশি, বাকি ৩ টি বিদ্যালয় আগামী এক বছরের মধ্যে চালু করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আরও বলেন, শুধু অবকাঠামো বাড়ালেই চলবে না, শিক্ষার মান ও পরিবেশ উন্নয়নও সমানভাবে গুরুত্বপূর্ণ। ছাত্রছাত্রীদের সর্বাঙ্গীণ বিকাশ নিশ্চিত করতে শিক্ষক-শিক্ষিকা, প্রশাসন ও অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টা জরুরি। শিক্ষা ক্ষেত্রে এই সম্প্রসারণমূলক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শিক্ষামহলের একাংশ। তাঁদের মতে, জনজাতি অধ্যুষিত অঞ্চলে আবাসিক বিদ্যালয়ের সংখ্যা বাড়লে পড়াশোনার পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক বিকাশেরও নতুন দিগন্ত খুলবে।

