স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১০ এপ্রিল:রাজধানীর লেইক চৌমুহনি বাজার এবং বাজার সংলগ্ন আস্তাবল ব্রীজের নিচ নেশার কারবারিদের জন্য অন্যতম নিরাপদ স্থান বলা চলে। তাদের যন্ত্রণায় অতিষ্ঠ স্থানীয়রা এবং বাজারের কিছু শুভ বুদ্ধি সম্পন্ন ব্যবসায়ীরা। অথচ পুলিশ প্রশাসনের কোন ভূমিকা নেই।
শুক্রবার সকালে বাজারের কিছু ব্যবসায়ী মিলে পুলিশের কাজ নিজেদের হাতে তুলে নিলেন। ব্যবসায়ীরা এদিন সকাল বেলা আস্তাবল ব্রিজের নিচে অভিযান চালায়। সে সময় ড্রাগস সেবনকারী যুবক বিষয়টি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পাশাপাশি তাদের হাতে থাকা ড্রাগসের কৌটা নদীর মধ্যে ফেলে দেয়। সঙ্গে সঙ্গে তাদের আটক করার চেষ্টা করলে ছয় জন যুবককে ধরপাকড় করতে সক্ষম হয় ব্যবসায়ীরা। তারপর পুলিশকে খবর দিয়ে তাদের তুলে দেওয়া হয়। ব্যবসায়ীরা জানায় এখন থেকে নিয়মিত অভিযান চলবে। বহু স্কুল-কলেজের ছাত্রছাত্রীরা এলাকায় আসে ড্রাগস সেবনের জন্য। আগামী দিন বাজার নেশা মুক্ত করে ছাড়বে। আটক যুবকদের কাছ থেকে আরো কয়েকজনের নাম জানতে পেরেছে বলে জানান তারা।

