স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১০ এপ্রিল: টিটিএএডিসি -র নির্বাচনের শেষটাও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলো না। এক রাজনৈতিক দল কলঙ্ক রচনা করলো সরব প্রচার শেষেও। শুক্রবার সকাল থেকেই সবকটি রাজনৈতিক দলের প্রার্থীরা গণদেবতাদের ভোটের জন্য প্রচার করেন। এইদিন বিকালে টাকারজলা থানাধীন লামপ্রাইকামি এলাকায় শরিক দলের পক্ষ থেকে জড়ো হয়ে ১৮ টাকারজলার বিজেপি প্রার্থী নির্মল দেববর্মার বাড়ি ঘেরাও করে। সে সময় খবর পেয়ে ঘটনাস্থলে রওনা হয়েছিলেন সিপাহীজলা জেলা পুলিশ সুপার বিজয় দেববর্মা।
তিনি ঘটনাস্থলে পৌঁছাতেই উন্মুক্ত রাজনৈতিক দলের দুর্বৃত্তরা উগ্র হয়ে উঠে। ইট, পাটকেল, গুল্টি, ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় পুলিশ প্রশাসনের উপর। সে সময় ঘটনাস্থল দিয়ে আসা একটি গাড়ির চালকের উপর আক্রমণ চালায় দুর্বৃত্তরা। ঘটনাস্থলে আহত হয় গাড়ি চালক। ভাঙচুর চালানো হয় গাড়িটি। পুলিশ সুপারের নেতৃত্বে বাধা দেওয়ার চেষ্টা করা হলে সেখানে পুলিশ সুপারের উপরও আক্রমণ চালায় দুর্বৃত্তরা। পুলিশ সুপারের মাথায় এবং গলায় গুল্টির আঘাত লাগে। বর্তমানে এলাকার পরিস্থিতি থমথমে। দুর্বৃত্তদের আক্রমণে আহত হয়েছেন বেশ কয়েকজন পুলিশ ও টি এস আর কর্মী বলে সূত্রে খবর।

