বাড়িরাজ্যখালেদ আহমেদ হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার আরো ২

খালেদ আহমেদ হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার আরো ২

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৭ এপ্রিল : ঈদের দিন ধর্মনগরের মঙ্গলখালী এলাকায় সংঘটিত খালেদ আহমেদ হত্যাকাণ্ডের ঘটনায় আরও দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে ধর্মনগর থানার পুলিশ। এর আগে এই মামলায় একজন আসামিকে গ্রেফতার করা হলেও চারজন অভিযুক্ত দীর্ঘদিন ধরেই পলাতক ছিল। অবশেষে গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ধর্মনগরের রাগনা এলাকা থেকে আরও দুই অভিযুক্তকে আটক করতে সক্ষম হয় পুলিশ। আটক অভিযুক্তদের মধ্যে রয়েছে, হায়দর আলী ও অপরজন মইন উদ্দিন।

তবে এখনও দুই অভিযুক্ত পলাতক থাকায় তল্লাশি জোরদার করেছে পুলিশ প্রশাসন। জানা গেছে, গত ২১ মার্চ মঙ্গলখালী এলাকায় আর্থিক লেনদেনকে কেন্দ্র করে সংঘটিত এক রক্তক্ষয়ী সংঘর্ষে খালেদ আহমেদ নামে এক যুবকের মৃত্যু হয়। একই ঘটনায় গুরুতরভাবে আহত হন তার ভাই জুনায়েদ আহমেদ, যিনি বর্তমানে বহিঃরাজ্যে চিকিৎসাধীন। এই মর্মান্তিক ঘটনার পর গোটা এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ গ্রামবাসীরা দোষীদের গ্রেফতারের দাবিতে পথে নামেন, বিভিন্ন জায়গায় টায়ার জ্বালিয়ে অবরোধ গড়ে তোলেন।

 এমনকি উত্তেজিত জনতা অভিযুক্তদের বাড়িঘরেও আগুন ধরিয়ে দেয়।ঘটনার তদন্তে নেমে প্রথমে সোয়াব উদ্দিন নামে এক অভিযুক্তকে গ্রেফতার করে ধর্মনগর থানার পুলিশ। এরপর মঙ্গলবার গোপন সূত্রে খবর পেয়ে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী রাগনা এলাকা থেকে আরও দুই অভিযুক্ত—হায়দার আলী ও মইন উদ্দিনকে আটক করা হয়। ধৃতদের বাড়ি মঙ্গলখালী এলাকাতেই। পুলিশ সূত্রে জানা যায়, এই ঘটনায় মোট পাঁচজন অভিযুক্ত পলাতক ছিল। ধাপে ধাপে গ্রেফতারির মাধ্যমে ইতিমধ্যেই তিনজনকে আইনের আওতায় আনা হয়েছে। ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার জানান, “২১ মার্চের ঘটনায় জড়িতদের চিহ্নিত করে ধারাবাহিকভাবে গ্রেফতার করা হচ্ছে। তদন্ত প্রক্রিয়া চলছে এবং বাকি অভিযুক্তদেরও দ্রুত গ্রেফতার করা হবে।” পুলিশের এই সাফল্যে এলাকায় কিছুটা স্বস্তি ফিরলেও এখনও উত্তেজনার আবহ পুরোপুরি কাটেনি। প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কড়া নজরদারি চালানো হচ্ছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য