স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৭ এপ্রিল : দীর্ঘ দেড় মাস ধরে টেট উত্তীর্ণ চাকুরীর প্রত্যাশীরা অর্থমন্ত্রীর প্রণজিৎ সিংহ রায়ের সঙ্গে সাক্ষাৎ করতে পারছেন না বলে মঙ্গলবার মন্ত্রীর সরকারি বাসভবনের সামনে এসে ধর্নায় বসেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পশ্চিম আগরতলা থানার পুলিশ। পুলিশ এসে বিক্ষোভকারীদের বলে তারা যেন ধর্না প্রত্যাহার করেন। কিন্তু বিক্ষোভকারীরা ধর্না মঞ্চ ছেড়ে না উঠায় তাদের আটক করে অস্থায়ী ডিটেনশন ক্যাম্পে নিয়ে যায় পুলিশ।
বিক্ষোভকারীদের বক্তব্য, তাদের নিয়োগ করার জন্য সরকারের কোন উদ্যোগ নেই। তারা বহুবার দপ্তরে গেছেন, দপ্তর থেকে বলা হয় অর্থ দপ্তর থেকে যতজনের অনুমোদন পেয়েছে ততজনকে নিয়োগ করা হবে। টেট টু -তে উত্তীর্ণ হওয়া ১ হাজার ৪৮৮ জনের মধ্যে মাত্র এক হাজার কুড়িজনকে নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে দপ্তর। তাই তারা আন্দোলন মুখী হতে বাধ্য হয়েছে। তাদের দাবি উত্তীর্ণ হওয়া সকলকে একসাথে নিয়োগ করতে হবে।

