স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৬ এপ্রিল : যাত্রী সেজে গাঁজা পাচারের সময় আটক হলেন আসাম পুলিশের অবসরপ্রাপ্ত কর্মী। রবিবার রাতে চুরাইবাড়ি থানার নাকা পয়েন্টে তাকে যাত্রীবাহী গাড়ি থেকে আটক করা হয়। এদিন রাত প্রায় সাড়ে আটটা নাগাদ আগরতলা থেকে গোহাটি গামী AS 01-JC-1499 নম্বরের শেরাওয়ালী যাত্রীবাহী বাসে রুটিন তল্লাশি চালায় পুলিশ।
তল্লাশির সময় সন্দেহভাজন এক যাত্রীকে আটক করে তার ব্যাগ তল্লাশি করে চার প্যাকেট গাঁজা উদ্ধার করে। যার মধ্যে ছিল প্রায় ২ কেজি ১৮০ গ্রাম শুকনো গাঁজা। ঘটনাস্থলেই আটক করা হয় আগরতলার গান্ধীগ্রাম রাজনগর এলাকার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নদীয়া চৌধুরীকে। ধৃত ব্যক্তি অসম পুলিশ ব্যাটালিয়নের অবসরপ্রাপ্ত কর্মী। চুরাইবাড়ি থানার ওসি দেবব্রত বিশ্বাস জানান, অভিযুক্তের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করা হয়েছে। তাকে সোমবার ধর্মনগর জেলা ও দায়রা আদালতে পেশ করা হয়। পাশাপাশি, এই পাচারচক্রের সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রয়েছে।

