স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৬ এপ্রিল : এডিসি ভোটের আর মাত্র পাঁচ দিন বাকি। এর আগে দিকে দিকে মানুষ ভোট বয়কটের সিদ্ধান্ত নিয়ে বিজেপি এবং মথাকে কড়া হুশিয়ারি দিয়ে চলেছে। সোমবারও দেখা গেল একই ঘটনা। “নো রোড- নো ভোট, নো ডেভলপমেন্ট- নো ভোট, নো সলিউশন- নো রেস্ট” -প্লে কার্ডে এই লেখাগুলি উল্লেখ করে আন্দোলনের সামিল হয়।
কারণ উন্নয়নের দীর্ঘ প্রতীক্ষা করে এবার ক্ষোভে ফেটে পড়লেন ধনছড়া দেববর্মা পাড়ার গ্রামবাসীরা। আমবাসা আর.ডি ব্লকের অন্তর্গত এই গ্রামের বাসিন্দারা সোমবার গণ-অবস্থানে শামিল হন। তাদের সাফ কথা— বহুবার স্মারকলিপি দিয়েও মেলেনি সুরাহা। এবার আর শুধু আশ্বাস নয়, লিখিত প্রতিশ্রুতি না পেলে ‘ভোট বয়কট’ করার চরম সিদ্ধান্ত নিতে চলেছেন তারা।ধনছড়া দেববর্মা পাড়া এলাকার গ্রামবাসীরা একজোট হয়ে আন্দোলনে নামেন। গ্রামবাসীদের অভিযোগ, গত অর্থ বছরেও তারা প্রশাসনিক স্তরে বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য দাবি জানিয়েছিলেন। তখন প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হলেও বর্তমানে কাজের কাজ কিছুই হয়নি।
গ্রামবাসীর দাবি এলাকার দীর্ঘদিনের দাবি সড়ক সংস্কার ও যোগাযোগ ব্যবস্থা উন্নত করা। এলাকায় গভীর নলকূপ স্থাপন করা। এলাকায় একটি উপ-স্বাস্থ্য কেন্দ্র নির্মাণ করা। পাশাপাশি স্থানীয় এলাকায় মিনি মার্কেট স্টল তৈরি করা। আন্দোলনকারীদের পক্ষ থেকে জানানো হয়েছে, দাবি পূরণ না হলে তারা আগামী দিনে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ‘ভোট বয়কট’ করারও হুমকি দিয়েছেন। এখন দেখার বিষয়, গ্রামোন্নয়ন কমিটির এই হুঁশিয়ারির পর প্রশাসন কতটা তৎপর হয়। আদৌ কি ধনছড়া দেববর্মা পাড়ার বাসিন্দাদের ভাগ্যে জুটবে স্থায়ী রাস্তা ও পানীয় জল? নাকি নির্বাচন পর্যন্ত এই বিক্ষোভ বজায় থাকবে— সেদিকেই তাকিয়ে সকলে।

