বাড়িরাজ্যবামফ্রন্টের হয়ে ভোট চাইলেন সিপিআইএম-এল

বামফ্রন্টের হয়ে ভোট চাইলেন সিপিআইএম-এল

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা।  ৬ এপ্রিল : আসন্ন এডিসি নির্বাচনে সিপিআইএম-এল এবং বামফ্রন্ট প্রার্থীকে জয়যুক্ত করার জন্য আহ্বান জানান সিপিআইএমএল -এর রাজ্য সম্পাদক পার্থ কর্মকার। সোমবার আগরতলা প্রেস ক্লাবের সাংবাদিক সম্মেলন করে তিনি বলেন, ১২ এপ্রিল ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের সাধারণ নির্বাচন। প্রায় ৪৭ বছর পূর্বে দীর্ঘ লড়াই সংগ্রামের মাধ্যমে সংবিধান সংশোধন করে প্রথমে সপ্তম ও পরে ৬ষ্ঠ তপশীলের মাধ্যমে জাতি-উপজাতি জনগণের ঐক্যের সেতু অন্যতম সাংবিধানিক সংস্থা এই টিটিএডিসি গঠিত হয়।

একে রক্ষা করা ও শক্তিশালী করা যেমন জরুরী। তেমনি তিপ্রাসা জনগণের জন্য সংবিধান প্রদত্ত আর্থিক, সামাজিক ও সাংস্কৃতিক সমতা ও ন্যায় প্রতিষ্ঠা করা সময়ের দাবি। এই নির্বাচনে ফ্যাসিস্ট বিজেপি একা টিটিএডিসি-র ক্ষমতা দখলের জন্য আগ্রাসী হয়ে উঠেছে। রাজ্যে শাসক জোটের শরিক বিজেপি, তিপ্রা মথা ও আইপিএফটি একে অপরের বিরুদ্ধে আলাদা আলাদা লড়াই করছে। বিজেপি ও তিপ্রা মথার মধ্যে লড়াই সহিংসতার রূপ নিয়েছে। তাছাড়া, বিজেপি শাসিত মধ্যপ্রদেশ থেকে ইভিএম মেশিন আনা হয়েছে। এবার নাকি ভিভিপ্যাট থাকবে না। তাই, নির্বাচন সুষ্ঠু না হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। তাছাড়া গত ৮ বছরে বিজেপি-র শাসনে ট্রিপল ইঞ্জিনের জাতাকলে এই রাজ্যে জনজীবনে বিপর্যয় নেমে এসেছে। সংবিধান, গণতন্ত্র ও আইনের শাসন বিপন্ন। খাদ্য, নিত্যপ্রয়োজনীয় পণ্য, ঔষধের দাম আকাশছোঁয়া। কাজ নেই। মজুরি কম। সরকারি ৫০ হাজারের অধিক শূণ্যপদ। বিদ্যালয়ে শিক্ষক নেই। হাসপাতালে ও সমস্ত দপ্তরে কর্মী নেই।

চিকিৎসক নেই। অথচ নিয়োগ বন্ধ। ছাত্রছাত্রীদের জন্য স্টাইপেন্ড নেই। এমজিএন রেগার ১০০ দিনের কাজের আইনী অধিকার তুলে দিয়ে ধোঁকাবাজি কানুন আনা হয়েছে। যোগ্যদের জন্য সামাজিক ভাতা বন্ধ। জমাতিয়া, রিয়াং সহ সমস্ত জনগোষ্ঠীর সমাজপতি ও দলপতিদের ৫ হাজার টাকা করে ভাতা দেওয়ার প্রতিশ্রুতির খেলাপ করছে সরকার। জন শিক্ষা ও জনস্বাস্থ্যকে বেসরকারিকরণের পথে ঠেলে দেওয়া হচ্ছে। পাহাড়ে এই শুখা মরশুমে পানীয় জলের হাহাকার। ঘরে ঘরে নলবাহিত জল প্রকল্প একটি নজিরবিহীন দুর্নীতি ও প্রতারণায় পর্যবসিত হয়েছে। বড় বড় রাস্তা ও উন্নয়নের নামে নির্বিচারে বন ধ্বংস পরিবেশ সংক্রান্ত ভারসাম্য গভীর সংকটের মুখে। তাই সংবিধান ও গণতন্ত্র রক্ষার আন্দোলনকে শক্তিশালী করতে ১২ই এপ্রিল টিটিএডিসি-র সাধারণ নির্বাচনে ২১- মহারানী-চেলাগাং আসনে সিপিআই(এম-এল) লিবারেশন দলের প্রার্থী গোবিন্দ চরণ জমাতিয়াকে ভোট দিতে আহ্বান জানান তিনি। একই সঙ্গে বলেন, অন্যান্য ২৭ টি আসনে বামফ্রন্টের প্রার্থীদের ভোট  দিয়ে জয়যুক্ত করার জন্য। পাশাপাশি ৫৬-ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোটারদের কাছে বামফ্রন্টের প্রার্থীকে ভোট দিয়ে জয় যুক্ত করার আহ্বান করেন তিনি। আয়োজিত সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের অন্যান্য নেতৃত্ব।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য