স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৪ এপ্রিল : ৫৬ ধর্মনগর বিধানসভা উপনির্বাচনে ভারতীয় জনতা পার্টিকে উচিত শিক্ষা দিতে হবে। শনিবার ধর্মনগর উপনির্বাচনের প্রচারে গিয়ে এই কথা বললেন বিধায়ক সুদীপ রায় বর্মন। এদিন কংগ্রেস প্রার্থী চয়ন ভট্টাচার্যের সমর্থনে ধর্মনগর কালী দিঘির পাড় সংলগ্ন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সামনে এক বিশাল নির্বাচনী জনসভার আয়োজন করা হয়।
এই সভায় বিজেপি-র বিরুদ্ধে সুর চড়িয়ে ভোটারদের কংগ্রেসের পক্ষে রায় দেওয়ার আহ্বান জানান প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন, এবং ত্রিপুরা কংগ্রেসের ভারপ্রাপ্ত প্রভারি তথা সাংসদ সপ্তগিরি শংকর উলকা। সভার প্রধান বক্তা সাংসদ সপ্তগিরি শংকর উলকা তাঁর বক্তব্যে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন জনবিরোধী নীতির তীব্র সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, বর্তমান সরকার সাধারণ মানুষের সমস্যা সমাধানে ব্যর্থ। বেকারত্ব থেকে শুরু করে দ্রব্যমূল্য বৃদ্ধি—প্রতিটি ইস্যুতে বিজেপি সরকারকে কাঠগড়ায় দাঁড় করান তিনি।
বক্তব্যের শেষে তিনি উপস্থিত জনতাকে ধর্মনগরের সামগ্রিক উন্নয়নের স্বার্থে এবং অপশাসনের অবসান ঘটাতে কংগ্রেস প্রার্থী চয়ন ভট্টাচার্যকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান। বিধায়ক সুদীপ রায় বর্মন বক্তব্য রেখে বলেন, আসন্ন উপ নির্বাচনে ধর্মনগরবাসীর কাছে আহ্বান তারা যেন ভারতীয় জনতা পার্টিকে ভোট না দিয়ে উচিত শিক্ষা দেয়। কারণ ভারতীয় জনতা পার্টির নৈতিক অধঃ পতন ঘটেছে এবং চারিত্রিক অধঃ পতন ঘটেছে। যত রকম রাম রহিম বাবা রয়েছে তারা সকলের ধর্ষক। তাদের ভিআইপি মর্যাদা দেওয়া হয়। তিনি আরো বলেন গত আট বছরে যত অন্যায় এই রাজ্যে ঘটেছে, তার হিসেব জনগণের ইঞ্চিতে ইঞ্চিতে চাইতে হবে বিজেপি-র নেতৃত্বাধীন সরকারের কাছে। এবং এর প্রতিবাদে সামিল হতে হবে প্রত্যেকের। ভোটারদের উদ্দেশ্যে বিধায়ক সুদীপ রায় বর্মন আরো বলেন আসন্ন উপ নির্বাচনে একটা বার্তা দেন, বর্তমান বিজেপি লাইনচ্যুত, আদর্শচ্যুত। এটা অটল বিহারী বাজপেয়ীর বিজেপি না। এই বিজেপি কর্পোরেট চিন্তাধারায় ঠগের বিজেপি এবং নরেন্দ্র মোদি, অমিত শাহের বিজেপি। এভাবেই বিজেপিকে এদিন তীব্র সমালোচনা করলেন বিধায়ক সুদীপ রায় বর্মন। এদিনের নির্বাচনী সমাবেশে কংগ্রেস কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়।

