স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩১ মার্চ : গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে খোয়াইয়ের মহাদেবটিলা ট্রাই জংশন এলাকা থেকে চার বাংলাদেশি নাগরিককে আটক করল পুলিশ। মঙ্গলবার সকাল আনুমানিক ১১ টার নাগাদ খোয়াই জেলা পুলিশ সুপারের নেতৃত্বাধীন একটি বিশেষ দল এই অভিযান চালায়।
পুলিশ সূত্রে জানা গেছে, একদল বাংলাদেশি নাগরিক খোয়াই থেকে টমটমে চড়ে তেলিয়ামুড়ার অভিমুখে রওয়ানা হয়েছিল—এমন একটি খবর পৌঁছায় জেলা পুলিশ সুপারের কাছে। সেই তথ্যের ভিত্তিতেই মহাদেবটিলা ট্রাই জংশন এলাকায় আগে থেকেই উৎ পেতে বসেছিল পুলিশ কর্মীরা। টমটমটি এলাকায় পৌঁছানো মাত্রই পুলিশ গাড়িটি আটকে তল্লাশি চালায় ও জিজ্ঞাসাবাদ শুরু করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা স্বীকার করে যে তারা বাংলাদেশের মৌলভীবাজার জেলার বাসিন্দা। ধৃতদের নাম আব্দুল মিয়া, শ্যামল মিয়া, হালাল মিয়া এবং আব্দুল মজিদ সোহাগ। তাদের কাছে বৈধ কোনো নথি না থাকায় পুলিশ তাদের আটক করে খোয়াই থানায় নিয়ে যায়। বর্তমানে ধৃতদের থানায় রেখে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। তারা ভারতের অভ্যন্তরে কোনো বড়সড় পাচারচক্রের সঙ্গে জড়িত কি না বা তাদের গন্তব্য কোথায় ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। পুলিশ জানতে পারে, গোপন খবরের ভিত্তিতে আশারামবাড়ি সীমান্ত দিয়ে চোরা পথে চারজন বাংলাদেশী প্রবেশ করে খোয়াই মহাদেবটিলা এলাকায়। ভারতীয় দালাল এবং বাংলাদেশী দালালের মাধ্যমে ১৬০০০ টাকার বিনিময়ে অনুপ্রবেশ করেছে।

