বাড়িরাজ্যব্যবসায়ীকে অপহরণ করে খুন করার চেষ্টার অভিযোগ

ব্যবসায়ীকে অপহরণ করে খুন করার চেষ্টার অভিযোগ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩০ মার্চ : নির্বাচনের প্রাক্কালে ফের চাঞ্চল্যকর ঘটনা সামনে এল কাঞ্চনপুর মহকুমায়। এক সবজি ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যার চেষ্টা করার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। গুরুতর জখম অবস্থায় বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ওই ব্যবসায়ী। আহত ব্যক্তির নাম অশ্বিনী শুক্লবৈদ্য। বয়স ৩৮। তার বাড়ি কাঞ্চনপুর মহকুমার গৌরীশংকর রোড এলাকায়।

অভিযোগ, রবিবার রাতে দশদা বাজার এলাকায় এই নৃশংস হামলার ঘটনা ঘটে। জানা গেছে, কম্বলটিলায় অবস্থিত নিজের দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন অশ্বিনী। সেই সময় পিছন থেকে মুখে কাপড় বেঁধে দুই দুষ্কৃতী তাকে জোর করে একটি নির্জন জঙ্গলে নিয়ে যায়। সেখানে হাত-পা বেঁধে ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করে অভিযুক্তরা পালিয়ে যায়। গুরুতর রক্তাক্ত অবস্থায় কোনো রকমে জঙ্গল থেকে বেরিয়ে রাস্তায় উঠে আসেন তিনি।

তাঁর চিৎকার শুনে পরিবারের লোকজন ছুটে এসে প্রথমে তাকে দশদা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কাঞ্চনপুর মহকুমা হাসপাতালে স্থানান্তর করা হয় এবং সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ধর্মনগর জেলা হাসপাতালে রেফার করা হয়। বর্তমানে সেখানেই তাঁর চিকিৎসা চলছে। এদিকে অশ্বিনী শুক্লবৈদ্য অভিযোগ করেন, হামলাকারীদের মধ্যে একজনের কণ্ঠস্বর পাশের দোকানের কর্মচারী সুবল দাসের মতো মনে হয়েছে। তবে কী কারণে এই হামলার ঘটনা ঘটেছে, তা এখনও স্পষ্ট নয়।পরিবার সূত্রে জানা গেছে, একটি মামলা দায়ের করেছে আহতের পরিবার। ঘটনায় এলাকাজুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য