স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২ জুলাই : আন্দোলনে নামতে চলেছে ত্রিপুরা সরকারি শিক্ষক সমিতি ও ত্রিপুরা বেসরকারি শিক্ষক সমিতি। বৃহস্পতিবার টি.জি.টি.এ অফিসে সাংবাদিক সম্মেলন করে এই বিষয়ে বিস্তারিত জানান ত্রিপুরা সরকারি শিক্ষক সমিতি ও ত্রিপুরা বেসরকারি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আশীষ চৌধুরী এবং রাজেশ রুদ্রপাল। তারা বলেন, ২০২৫ সালের ১ সেপ্টেম্বর সুপ্রিমকোর্টের একটি রায়ে বুনিয়াদি শিক্ষা দপ্তরের কর্মরত শিক্ষকদের চাকুরির উপর একটা অনিশ্চয়তা নেমে এসেছে। সুপ্রিমকোর্ট জানিয়ে দেয় ২০২৭ সালের ৩১ আগস্টের মধ্যে বুনিয়াদি শিক্ষা দপ্তরে কর্মরত শিক্ষকদের টেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
যদি তারা ব্যর্থ হয়, তবে তাদের বাধ্যতামূলক চাকুরি থেকে অবসরে চলে যেতে হবে। এই রায় সমগ্র দেশের ৩০ থেকে ৩৫ লক্ষ শিক্ষকের জিবনে অনিশ্চয়তা নামিয়ে এনেছে। এই নিয়ে শিক্ষক সংগঠন সুপ্রিমকোর্টের দ্বারস্থ হলে সুপ্রিমকোর্ট টেট পাশ করার জন্য শিক্ষকদের সময়সীমা ১ বছর বৃদ্ধি করে ২০২৮ সালের ৩১ আগস্ট পর্যন্ত করে দিয়েছে। সুপ্রিমকোর্টের রায়ের পর কেন্দ্রীয় মন্ত্রী সভা অর্ডিন্যান্স জারি করে, সংসদে আইনের পরিবর্তন করে এই সমস্যার সমাধান করতে পারে। ২০ জুলাই থেকে সংসদে বাদল অধিবেসন শুরু হবে। এই পরিস্থিতিতে ত্রিপুরা সরকারি শিক্ষক সমিতি ও ত্রিপুরা বেসরকারি শিক্ষক সমিতি দাবি উত্থাপন করে কেন্দ্রীয় মন্ত্রী সভা অর্ডিন্যান্স জারি করে অথবা আসন্ন সংসদের বাদল অধিবেশনে আইন পরিবর্তন করে বুনিয়াদি শিক্ষা দপ্তরে কর্মরত শিক্ষকদের টেট পাশ করার বাধ্য বাধকতা থেকে মুক্ত করা হোক। এই দাবিকে সামনে রেখে ৫ জুলাই সকাল ১১ টায় মেলারমাঠ শিক্ষক ভবন থেকে এক মিছিল সংগঠিত করা হবে। মিছিল শেষে রাজধানীর প্যারাডাইস চৌমুহনীতে সংগঠিত করা হবে পথসভা।

