স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২২ মার্চ : আসন্ন এডিসি নির্বাচনকে ঘিরে উত্তেজনা দুই দলের মধ্যে। ঘটনা রবিবার মুঙ্গিয়াকামী থানাধীন ৪১ মাইল এলাকায় বাম প্রার্থীর নির্বাচনী প্রচারে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপি কর্মীদের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে মোতায়েন করা হয় পুলিশ বাহিনী। অভিযোগ, বামপন্থী প্রার্থী ও তার সমর্থকেরা প্রচারে বের হলে বিজেপি কর্মীরা তাদের বাধা দেয় এবং প্রচার কর্মসূচি ভণ্ডুল করার চেষ্টা করে। এতে দুই পক্ষের মধ্যে তীব্র বচসা ও উত্তেজনার সৃষ্টি হয়।
যদিও বিজেপি-র পক্ষ থেকে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে। তাদের দাবি, বামফ্রন্ট উস্কানি দিয়ে অশান্ত পরিস্থিতি তৈরি করার চেষ্টা করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে থাকলেও এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসন সতর্ক রয়েছে। নির্বাচনের প্রাক্কালে এ ধরনের ঘটনা গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য উদ্বেগজনক বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। আগামী দিনে পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সেদিকেই এখন নজর।
এদিকে বিজেপি সমর্থকরা দাবি করেছে দীর্ঘ বছর ধরে বামফ্রন্ট আমলে ৪১ মাইল এলাকার উন্নয়ন হয়নি। সব ক্ষেত্রে তারা পিছিয়ে ছিল। বর্তমান বিজেপি নেতৃত্বাধীন সরকারের আমলে একলাব্য স্কুল থেকে শুরু করে বিভিন্ন সুযোগ-সুবিধা তারা পেয়েছে। অপরদিকে বামফ্রন্ট প্রার্থী দাবি করলেন, বিজেপির পায়ের নিচে মাটি সরে যাচ্ছে। কারণ বামফ্রন্টের সময় যে সমস্ত সুযোগ-সুবিধা জনজাতিদের জন্য ছিল সেগুলি এখন নেই পাহাড়ে। বামফ্রন্ট পাহাড়ে ক্ষমতায় আসলে সেই সমস্ত সুযোগ সুবিধা পুনরায় দেবে বলে প্রতিশ্রুতি দিচ্ছে। মানুষের পক্ষ থেকেও বামফ্রন্টের ভালো সাড়া মিলছে। তাই প্রচার বানচাল করে দিতে এ ধরনের চেষ্টা বিজেপি-র বলে দাবি করলেন এদিন।

