স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২০ মার্চ : এডিসিতে পুরনো জমি দখল করতে বামেরা প্রার্থী তালিকায় শুধুমাত্র অ্যাডভান্স নয়, তারা অ্যাডভান্স মনোনয়নপত্র দাখিল করার ক্ষেত্রেও। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে তাদের মনোনয়নপত্র দাখিল করা। ময়দানে এক ইঞ্চি জমিও না ছাড়ার জন্য তারা সব ধরনের চেষ্টা অব্যাহত রেখেছে। শুক্রবার সকাল থেকে অধিকাংশ আসনে তারা মনোনয়ন পত্র দাখিল করেছে।
এদিন ১৬ মান্দাই পুলিনপুর কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত প্রার্থী সূর্য কুমার দেববর্মা এবং ১৫ জিরানিয়া কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত প্রার্থী রাধা চরণ দেববর্মা মনোনয়নপত্র দাখিল করেন। তারা রিটার্নিং অফিসার তথা জিরানিয়া মহকুমা শাসক অনিমেষ ধরের কাছে গিয়ে মনোনয়নপত্র দাখিল করেন। পরবর্তী সময়ের সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জিরানিয়া কেন্দ্রের মনোনীত প্রার্থী রাধাচরণ দেববর্মা বলেন, রাজ্যে কাজ নেই, খাবার নেই। কিছুদিন পর গড়িয়া উৎসব এবং চৈত্র সংক্রান্তি। মানুষের এই সময়ে পয়সার প্রয়োজন। কিন্তু কাজকর্ম কিছুই নেই। বাজার গুলিতে হাহাকার অবস্থা চলছে। রাজ্যের দেড় লক্ষাধিক ছাত্র-যুবক ভুগছে বেকারত্বে। তাদের জন্য চাকরি নেই রাজ্যে। যার কারণে তারা রাজ্য ছেড়ে অন্য রাজ্যে পাড়ি দিচ্ছে। ২০১৮ সালের আগে এমন পরিস্থিতি ছিল না ত্রিপুরায়। মানিক পরিবর্তন করে হীরা আনার পরে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এটাই কি হীরা? রাজ্যে একটা ভয়ংকর পরিস্থিতি চলছে। নেশা জাকিয়ে বসেছে। রেলের বগি দিয়ে নেশা সামগ্রী রাজ্যে আসছে। এগুলি আগে ছিল না। নেশাতে ত্রিপুরা দুই নাম্বার স্থানে এসেছে। তিনি আরো দাবি করেন শিক্ষা ক্ষেত্রে সরকার ব্যাঘাত ঘটিয়েছে। দিন দিন মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা কমছে। শিক্ষা ক্ষেত্রে ত্রিপুরা একটা সময় দেশের মধ্যে সুনাম অর্জন করেছিল। এ সমস্যাগুলির দিকে সরকার কোন দৃষ্টি দেওয়ার প্রয়োজন মনে করছে না। গণতান্ত্রিক পরিবেশকে দূষিত করছে। তাই মানুষ এবার জাগ্রত হচ্ছে। এ সরকারকে মানুষ ছুড়ে ফেলে দেবে বলে জানান তিনি। আরো বলেন, ১৫ জিরানিয়া কেন্দ্রেও সারা রাজ্যের মতই একই অবস্থা। পাঁচ বছরে কোন কিছুই হয়নি। ২০২৩ সাল থেকে এডিসিতে পেনশন দিতে পারে না। চরম ব্যর্থতা তাদের। কোন মুখে ভোট চাইবে বর্তমান শাসক দল?
এডিসির ১৩ সিমনা তমাকারী এবং ১৪ বোধজংনগর ওয়াকিনগর কেন্দ্রের বামফ্রন্ট প্রার্থী অমূল্য দেববর্মা এবং সঞ্জিত দেববর্মা মোহনপুর মহকুমা শাসক কার্যালয়ে নির্বাচন আধিকারিকের নিকট মনোনয়নপত্র দাখিল করেন। সঙ্গে ছিলেন বামুটিয়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক নয়ন সরকার। প্রার্থীরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন বামফ্রন্ট যদি এডিসিতে প্রতিষ্ঠিত হয় তাহলে জনগণের টাকা জনগণের জন্য খরচ করবে। আরো বলেন মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করবে। কারণ মানুষ শান্তি চায়।
অপরদিকে বিশাল জনসমাগমের মধ্য দিয়ে টিটিএএডিসি ২৮ নং শিলাছড়ি মনুবনকুল কেন্দ্রের সিপিআইএম প্রার্থী উচাথই মগ এবং ২৭ নং পূর্ব মহুরীপুর ভূরাতলী এস.টি সংরক্ষিত কেন্দ্রের প্রার্থী বার্জুং ত্রিপুরা মনোনয়নপত্র দাখিল করেন। এদিনের মিছিলে নারী-পুরুষ নির্বিশেষে সর্বস্তরের মানুষের ব্যাপক অংশ গ্রহণ লক্ষ্য করা যায়। দুপুর একটার নাগাদ সাব্রুম সিপিআইএম মহকুমা পার্টি অফিস থেকে একটি বিশাল মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে সাব্রুম মহকুমা শাসকের কার্যালয়ে পৌঁছায়। সেখানে মহকুমা শাসক তথা রিটার্নিং অফিসার সুমন রক্ষিতের হাতে বামফ্রন্টের দুই প্রার্থী তাঁদের মনোনয়নপত্র জমা তুলে দেন। মনোনয়নপত্র জমা দেওয়ার পর প্রার্থীরা বক্তব্য রাখতে গিয়ে বর্তমান এডিসি পরিচালিত তিপ্রা মথা এবং বিজেপি প্রশাসনের বিরুদ্ধে দুর্নীতি, শিক্ষা ব্যবস্থা ও রাস্তাঘাটসহ উন্নয়নের ক্ষেত্রে ব্যর্থতার অভিযোগ তোলেন। তাঁরা আগামী ১২ এপ্রিলের এডিসি নির্বাচনে বামফ্রন্ট প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান জানান। প্রার্থীরা আরও বলেন, বামফ্রন্ট সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারলে সাধারণ মানুষের উন্নয়নমূলক কাজকে অগ্রাধিকার দেওয়া হবে। মনোনয়ন পত্র দাখিলের সময় উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য কমিটির সম্পাদক মন্ডলী সদস্য শংকর প্রসাদ দত্ত ও কেন্দ্রীয় কমিটির সদস্যা কৃষ্ণ রক্ষিত, প্রাক্তন বিধায়ক প্রভাত চৌধুরী প্রমুখ।
ঝড় বৃষ্টি উপেক্ষা করে শুক্রবার দুপুরে ত্রিপুরা রাজ্য স্বশাসিত জেলা পরিষদের নির্বাচনকে সামনে রেখে খোয়াইয়ে বামফ্রন্ট সমর্থিত প্রার্থীরা তাদের মনোনয়ন পত্র দাখিল করল এ আর ও নির্মল কুমারের কাছে। এদিন মনোনয়ন পত্র দাখিল করার আগে খোয়াই সি পি আই এম -এর অঞ্চল কমিটির কার্যালয় থেকে শুরু হয়ে মিছিলটি। শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে অবশেষে খোয়াই মহকুমা শাসকের কার্যালয়ে এসে মনোনয়ন পত্র দাখিল করেন চাম্পাহর ও আশারবাড়ি কেন্দ্র থেকে করিম দেববর্মা এবং রামচন্দ্রঘাট ও হালালি কেন্দ্র থেকে সমরেশ দেববর্মা।
অপরদিকে বামফ্রন্ট সমর্থিত সিপিআইএম ২৭ পুর্ব মুহুরীপুর ভুরাতলী আসনে প্রার্থী বার্জুং ত্রিপুরা এবং ২৮ শিলাছড়ি মনুবনকুল এসটি সংরক্ষিত আসনে প্রার্থী উচাথৈই মগ দক্ষিণ জেলার সিপিআই এম নেতৃত্বদের সাথে নিয়ে সাব্রুম মহকুমা শাসক তথা দুই কেন্দ্রের রিটার্নিং অফিসার সুমন রক্ষিতের হাতে মনোনয়নপত্র তুলে দেন। এর আগে কলাছড়া থেকে একটি মিছিল করে মনুবনকুল হয়ে সাব্রুম মহকুমা বিভাগীয় অফিসের সামনে আসে। সেখান থেকে সঙ্গবদ্ধভাবে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে মিছিল করে মহকুমা অফিসে আসে। মিছিলে ২৭ মুহুরীপুর ভুরাতলী আসনের প্রার্থী বার্জুং মগ এবং ২৮ শিলাছড়ি মনুবনকুল এডিসি আসনের প্রার্থী উচাথৈই মগ ছাড়াও কেন্দ্রীয় কমিটির সদস্যা কৃষ্ণা রক্ষিত, সাংসদ শংকর প্রসাদ দত্ত ও তাপস দত্ত ও জিএম পি নেতা প্রাক্তন বিধায়ক প্রভাত চৌধুরী। দুপুর ১ টা ২০ মিনিটে ২৭ এডিসি এসটি সংরক্ষিত আসনে প্রার্থী বার্জুং ত্রিপুরা আর ও সুমন রক্ষিত নিকট মনোনয়ন পত্র তুলে দেন। ২৮ এডিসি সংরক্ষিত আসনের প্রার্থী উচাথৈই মগ নমিনেশন পেপার তুলে দেন।
অন্যদিকে করবুকে বামপন্থী কর্মী সমর্থকদের সুবিশাল মিছিল করে মনোনয়নপত্র করেন। ২৫ - নতুন বাজার - মালবাসা নির্বাচনী কেন্দ্রের সিপিআইএম মনোনীত প্রার্থী মগেন্দ্র রিয়াং করবুকের মহকুমা শাসক তথা রিটার্নিং অফিসার প্রদীপ দেববর্মার নিকট মনোনয়নপত্র দাখিল করেন। জয় নিয়ে আশা ব্যক্ত করেন মনোনীত প্রার্থী।
১১ নম্বর মহারানী কেন্দ্র থেকে বামফ্রন্ট মনোনীত প্রার্থী রতন কিশোর জমাতিয়াও শুক্রবার আনুষ্ঠানিকভাবে তাঁর মনোনয়ন পত্র জমা দেন। এদিন মনোনয়ন জমা দেওয়াকে ঘিরে তেলিয়ামুড়া এলাকায় দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। মনোনয়ন জমা দেওয়ার আগে সি পি আই এম তেলিয়ামুড়া মহকুমা কমিটির কার্যালয় থেকে একটি মিছিলের আয়োজন করা হয়। প্রার্থী রতন কিশোর জমাতিয়ার নেতৃত্বে অনুষ্ঠিত এই মিছিলে কর্মী-সমর্থক অংশ নেন। মিছিলটি তেলিয়ামুড়া শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে মহকুমা শাসকের দপ্তরে পৌঁছায়। পরে প্রার্থী রতন কিশোর জমাতিয়া তেলিয়ামুড়া মহকুমা শাসকের হাতে তাঁর মনোনয়ন পত্র আনুষ্ঠানিকভাবে তুলে দেন।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান